বড়াইগ্রামে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

Printed Edition

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

নাটোরের বড়াইগ্রামের অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ একটি ট্রাক জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় চালকের সহকারী শামীম হোসেন (৩০)-কে আটক করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় বনপাড়া-হাঁটিকুমরুল মহাসড়কে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ট্রাকটি জব্দ করা হয়। আটক শামীম পাবনা জেলার সাঁথিয়া উপজেলার খালইভরা গ্রামের খোরশেদ আলমের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ মানিকপুর কলাবাগান এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় চট্টগ্রাম থেকে পাবনাগামী ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের পাশের সিটের নিচে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদক সংরক্ষণের অভিযোগে চালকের সহকারীকে আটক করা হয়। বনপাড়া হাইওয়ে থানার ওসি মো: মনিরুজ্জামান বিষয়টির জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।