জাবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দেয়ার ঘটনা ২৫ হাজার টাকায় মীমাংসা
Printed Edition
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার অভিযোগকে কেন্দ্র করে আটক রাখা ‘ঠিকানা পরিবহন’-এর ছয়টি বাস ১৬ ঘণ্টা পর ছেড়ে দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় আলোচনার পর ২৫ হাজার টাকা ক্ষতিপূরণের ভিত্তিতে এ মীমাংসা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে পরিবহন মালিকপক্ষ, ভুক্তভোগী শিক্ষার্থী ও তার সহপাঠীরা অংশ নেন।
ভুক্তভোগী ৫৩তম আবর্তনের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী আল মামুন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশমাইল এলাকা থেকে ‘ঠিকানা পরিবহন’-এর একটি বাসে ওঠেন। ডেইরি গেটে নামতে চাইলে বাসের হেলপার তার সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং জাবির শিক্ষার্থীদের বাসে না তোলার কথা বলে। একপর্যায়ে আরেকজন হেলপার তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তার হাঁটু, হাত ও মাথায় আঘাত লাগে।
‘ঠিকানা’ পরিবহনের ম্যানেজার মো: কবির হোসাইন এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘এ ধরনের গত ঘটনা আমাদের জন্য কাম্য নয়। আমরা আহত শিক্ষার্থীর চিকিৎসা ও অন্যান্য খরচের জন্য ২৫ হাজার টাকা প্রদান করেছি। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে আমরা মালিকদের সাথে আলোচনা করব।’