স্পেনের জয়ের দিনে উরুগুয়ের সমতা

আন্তর্জাতিক প্রীতিম্যাচ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক প্রীতিম্যাচে দাপুটে পারফর্ম্যান্সে জয় পেয়েছে স্পেন। সার্বিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই নিজেদের হাতে রাখে স্পেন। প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল। ১৬ মিনিটে দলীয় আক্রমণ থেকে জোরালো শটে প্রথম গোল, আর ৪৪ মিনিটে বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন শটে দ্বিতীয়টি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যায় স্পেন। শেষ পর্যন্ত ৭২ মিনিটে ফেরান তোরেসের পাস থেকে অভিষেক ম্যাচেই গোল করেন ভিক্টর মুনোজ, যা ব্যবধান ৩-০ তে নিয়ে যায়। পুরো ম্যাচজুড়ে আধিপত্য ধরে রেখে সহজ জয় তুলে নেয় স্পেন।

অন্যদিকে ওয়েম্বলি স্টেডিয়ামে সমান লড়াইয়ে ১-১ গোলে ড্র করেছে ইংল্যান্ড ও উরুগুয়ে। ম্যাচজুড়ে আক্রমণে এগিয়ে ছিল ইংল্যান্ড, তবে গোল পেতে অপেক্ষা করতে হয় ৮১ মিনিট পর্যন্ত। কর্নার থেকে বেন হোয়াইট গোল করে দলকে এগিয়ে দেন।

তবে ম্যাচের শেষ দিকে নাটকীয়তা তৈরি করে উরুগুয়ে। যোগ করা সময়ে বক্সের ভেতরে ফাউলের কারণে পেনাল্টি পায় দলটি। সেখান থেকে অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে গোল করে সমতা ফেরান, ফলে ম্যাচটি ড্রয়ে শেষ হয়। এ দিকে অন্য প্রীতিম্যাচে জার্মানি ৪-৩ গোলে সুইজারল্যান্ডকেব, গ্রিস ১-০ গোলে প্যারাগুয়েকে, আলজেরিয়া ৭-০ গোলে গুয়াতেমালাকে, গুয়ানা ২-০ গোলে ডমিনিকাকে, নেদারল্যান্ড ২-১ গোলে নরওয়েকে পরাজিত করে। অন্য দিকে মরোক্কো ১-১ গোলে ইকুয়েডরের সাথে ড্র করেছে।