নবীগঞ্জে নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

Printed Edition

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

প্রহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিজ বসতঘর থেকে ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬০) নামের এক নারীর হাত-পা বাঁধা ও মুখে কস্টেপ পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড়া গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের ঘরে হাত ও পা রশি দিয়ে বাঁধা এবং মুখে কস্টেপ পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত ফেরদৌসী ওই এলাকার বাসিন্দা ছিলেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম মিয়া জানান, পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে চুরির উদ্দেশ্যে নাকি পূর্বশত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত শেষ করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।