যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা, লাশ নিয়ে সড়ক অবরোধ
Printed Edition
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার গাবতলীতে যৌতুক না পেয়ে সীমা রানী (২৩) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজিয়ে ফ্যানে ঝুলিয়ে রাখে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী এবং তারা লাশ নিয়ে সোনাতলা-গাবতলী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাতলার সীমা রানীর বিয়ে হয় গাবতলীর অর্জুন চন্দ্র পালের সাথে। স্বজনরা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সীমাকে নির্যাতন করা হতো। শুক্রবার বাগি¦তণ্ডার একপর্যায়ে তাকে মারধর ও শ্বাসরোধে হত্যা করে লাশ ফ্যানে ঝুলিয়ে দেয়া হয়।
পরে ফেসবুকে দেখে সীমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন তার পরিবার। গাবতলী থানা পুলিশ গতকাল শনিবার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ পেয়ে স্বজনরা বিক্ষোভ শুরু করেন। তারা ঘাতক স্বামী অর্জুন ও তার পরিবারের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।
গাবতলী থানার ওসি রাকিব হোসেন জানান, লাশ ময়নাতদন্তের পর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।