যুক্তরাষ্ট্র থেকে ফিরে গানে ব্যস্ত মিমি

Printed Edition
bino-2
যুক্তরাষ্ট্র থেকে ফিরে গানে ব্যস্ত মিমি

বিনোদন প্রতিবেদক

মিমি আলাউদ্দিন, দীর্ঘদিন ধরেই গান করছেন। স্বামী দেশের প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর মৃত্যুর পর গানের ভুবনে নীরবে নিভৃতে এক ধরনের যুদ্ধই করে যাচ্ছেন। আলাউদ্দিন আলীর সুরে তার বেশ কিছু মৌলিক গান রয়েছে। তবে যে গানটি শ্রোতা দর্শকের হৃদয়ে দাগ কেটে আছে সে গানটি হলো ‘কোনো কিছু শেষ হয়ে যায় না, এ হৃদয় স্মৃতিময় আয়না’। যখন যেখানে স্টেজ শোতে বা টিভি শোতে গিয়েছেন মিমি, এই গানটির জন্য বিশেষ অনুরোধ থাকেই শ্রোতা দর্শকের। গানটি লিখেছেন ও সুর করেছেন আলাউদ্দিন আলী। বিগত পাঁচ মাসেরও বেশি সময় মিমি আলাউদ্দিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখানে তিনি ৯টি স্টেটে ১৫টি শোতে সঙ্গীত পরিবেশন করেছেন। যুক্তরাষ্ট্রে থাকাবস্থাতেই বাংলাদেশের বেশ কয়েকজন সুরকার, সঙ্গীত পরিচালকের সাথে মিমির কথা হয়। কিছু দিন হলো তিনি দেশে ফিরেছেন। মিমি জানান, আগামী কিছু দিনের মধ্যেই তিনি ফোয়াদ নাসের বাবু, নকীব খান, আকাশ সেনের সুরে গান গাইবেন। আপাতত এই গানগুলোতে ভয়েজ দেয়ার আগে গানগুলো নিয়ে চর্চা করছেন নিয়মিত। এ ছাড়াও তিনি দেশে ফিরে বিভিন্ন টিভি শোতেও অংশ নিয়েছেন। ঈদ-পরবর্তী স্টেজ-শো নিয়েও পরিকল্পনা রয়েছে তার। মিমি বলেন, ‘যুক্তরাষ্ট্রে টানা পাঁচ মাসে ১৫টিরও বেশি স্টেজ-শোতে সঙ্গীত পরিবেশন করেছি। নিজের গানসহ শ্রদ্ধেয় রুনা লায়লা আপা, সাবিনা ইয়াসমিন আপা, মিতালী মুখার্জি দিদির গান গেয়েছি। তাদের গানেরই অনুরোধ আসে বেশি। আমার নিজেরও ভীষণ ভালো লাগে এবং স্বাচ্ছন্দ্যবোধ করি তাদের গান গাইতে। দেশে ফেরার পর টুকটাক কাজ করেছি। তবে শ্রদ্ধেয় বাবু ভাই, নকীব খান ভাই ও আকাশ সেনের সুরে শিগগিরই গান গাইব। প্রতিটি গান নিয়েই আমি ভীষণ আশাবাদী।’ মিমি প্রথম শাকিব-অপু অভিনীত ‘যদি বউ সাজো গো’ সিনেমাতে প্লেব্যাক করেন। এরপর আরো ১৫টি সিনেমাতে তিনি প্লেব্যাক করেন। এরই মধ্যে মিমি গত ১০ মার্চ চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সাথে দেখা করেছেন। ফরিদুর রেজা সাগর মিমিকে কথা দিয়েছেন, কোনো বিশেষ দিনকে উপলক্ষ করে তিনি আলাউদ্দিন আলীকে নিয়ে চ্যানেল আইতে প্রচারের জন্য একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করবেন। অবশ্য মিমি জানান, তিনি নিজেও আলাউদ্দিন আলীকে নিয়ে আগামী কোরবানির ঈদের পর একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করবেন। সময় হলেই সেই অনুষ্ঠান সম্পর্কে সবাইকে জানান দেবেন।