শ্রীমঙ্গলে ৩ জনসহ বিভিন্ন স্থানে নিহত ৬

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনজনসহ বিভিন্ন স্থানে ছয়জন নিহত হয়েছেন।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার মহাসড়কের লামুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শহরতলীর ভাড়াউড়া এলাকার আব্দুল হান্নান (৫০) নামের সিএনজি চালকের পরিচয় পাওয়া গেলেও অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া-সিরাজনগর এলাকায় শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়া মৌলভীবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি হাইস গাড়ির সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা যান।

হিলি (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন চালকের সহকারী আপন চন্দ্র দাস (২৬)। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০)। রোববার রাত আড়াইটার দিকে পৌরশহরের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আপন চন্দ্র দাস নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালক বিকাশ চন্দ্র দাস তার দুলাভাই বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে বালুবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাওয়ার পথে বিকল হয়ে পড়লে তা মেরামতের কাজ শুরু করে চালক ও হেলপার। এ সময় হঠাৎ করে দ্রুতগতিতে বগুড়ার দিকে যাওয়া গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক বিকল ট্রাকটিকে পেছনে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকের সহকারী ক্যাবিনের ভেতরে আটকা পড়েন।

স্থানীয় লোকজন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ক্যাবিনের ভেতর থেকে চালকের সহকারীকে উদ্ধার করে এবং আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় রিদুয়ান ইসলাম (১৭) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার প্রতিমা বংকী কামিল মাদরাসার দক্ষিণ পাশে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে মোটরসাইকেলসহ তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

নিহত রিদুয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজন আব্দুল্লাহ আল কাফী বলেন, রিদুয়ান তার বাবার মোটরসাইকেলে পেট্রল ভরার জন্য সখীপুর থেকে বোয়ালী বাজারের সখীপুর ফিলিং স্টেশনের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, কোনো ভারী যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কাজী মঞ্জুরুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তরুণের মৃত্যু হয়েছে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী বলেন, লাশ সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

ফেনী অফিস জানায়, ফেনী শহরের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর নাসির মেমোরিয়াল কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (৪৮) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। রোববার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ওমর ফারুক বগুড়ার শাহজাহানপুর উপজেলার ডোমন পুকুরের ইউনুস আলীর ছেলে।

মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, রাত আনুমানিক ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী রামপুর নাসির উদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে সামনে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে চালক ওমর ফারুক ঘটনাস্থলে মারা যায়। এ সময় হেলপার আহত হয়। লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টিকে থানা হেফাজতে নেয়া হয়েছে।