আরব লিগের পরবর্তী মহাসচিব হচ্ছেন মিসরের নাবিল ফাহমি

Printed Edition

গালফ নিউজ

মিসরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমিকে আরব লিগের পরবর্তী মহাসচিব পদে সমর্থন দিয়েছেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা। গত রোববার জোটের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের ১৬৫তম বৈঠকে ফাহমি সব আরব দেশের সমর্থন পান । সৌদি আরবে হতে যাওয়া আসন্ন আরব সম্মেলনে এ নিয়োগ চূড়ান্ত হবে। চলতি বছরের ১ জুলাই থেকে ফাহমির পাঁচ বছরের মেয়াদ শুরু হবে।

মিসরের এখনকার পররাষ্ট্রমন্ত্রী বদর আবদুল আতি বলেছেন, আরবদের যৌথ কর্মকাণ্ডে মিসরের ভূমিকায় আরব দেশগুলো যে এখনো আস্থাশীল ফাহমির প্রতি সর্বসম্মত সমর্থনেই তা বোঝা যায়। মনোনয়ন দেয়ায় মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসিকে ধন্যবাদ জানিয়েছেন ফাহমি, তাকে সমর্থন দেয়ায় আরব লিগের সদস্য দেশগুলোর প্রতি তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। আরব বিশ্ব যখন বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন এবং যখন দুনিয়াজুড়েই আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটেই চলেছে তখন আরব লিগের মহাসচিবের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ, বলেছেন তিনি। আরব অঞ্চলজুড়ে নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন জোরদারে তিনি সদস্য দেশগুলোর সাথে কাজ করারো অঙ্গীকার করেছেন।