অতিরিক্ত আলোকসজ্জা পরিহার ও বিদ্যুৎ সাশ্রয়ে ডেসকোর বিশেষ অভিযান

Printed Edition

জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে গত রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনার পর সোমবার থেকে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) অতিরিক্ত আলোকসজ্জা পরিহার ও বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীর ডেসকো আওতাধীন শপিংমল, বিপণিবিতানসহ আবাসিক ও বাণিজ্যিক স্থাপনায় বিশেষ অভিযান শুরু করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উত্তরা পশ্চিমাঞ্চল জমজম টাওয়ার, রাজলক্ষ্মী, আরএফএল, বেস্ট বাই, এপেক্স, গাউছুল আজম এভিনিউ, সোনারগাঁ জনপদ, শাহমুখদুম এভিনিউ, সেক্টর- ১২ খালপার, সেক্টর-১৩, গরিবে নেওয়াজ এভিনিউতে অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) ডেসকো মো: হাদিউজ্জামান। অভিযানে তাৎক্ষণিক অতিরিক্ত আলোকসজ্জা শনাক্ত করে তা বন্ধ করে দেয়া হয় এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অতিরিক্ত আলো ব্যবহার করলে কঠিন শাস্তি ও জরিমানা করার হুঁশিয়ারি দেয়া হয়।

অভিযানকালে মার্কেট এবং দোকান মালিকদের দোকানের অভ্যন্তরে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করার জন্য এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির উপরে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। শপিং করতে আসা ক্রেতা, পথচারী এবং দোকানের স্টাফদের মাঝে সরকারের নির্দেশনা ও সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। অভিযানে ডেসকোর উত্তরা পশ্চিম বিক্রয় ও বিতরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মো: সাইফুর রহমান ভূঁইয়াসহ আরো অনেক কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এ ছাড়া ১১ মার্চ গুলশান-১, গুলশান-২, গুলশান এভিনিউ, বীর উত্তম এ কে খন্দকার রোড, পিংক সিটি শপিংমল, স্পার্ক গিয়ার শপিংমল, গুলশান-২ ডিএনসিসি সুপার মার্কেট, ভাসাবি শপিংমল, পুলিশ প্লাজা মার্কেট, রূপায়ন ট্রেড সেন্টার, জাহেদ প্লাজা মার্কেট, সুবাস্তু মুসকান টাওয়ারে অভিযান চালানো হয়। বিজ্ঞপ্তি।