নারায়ণগঞ্জে ব্যবসায়ীর ১৫ কোটি টাকা আত্মসাৎ
Printed Edition
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে রাহাবার এগ্রো থেকে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইসমাইল ইসলাম (রতন)। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে ইসমাইল ইসলাম জানান, গত বছরের ফেব্রুয়ারিতে মহাদেবচন্দ্র সাধু নিজেকে খুলনার স্বনামধন্য ব্যবসায়ী পরিচয় দিয়ে ব্যবসায়িক আস্থা অর্জন করেন। ধাপে ধাপে প্রায় ১৫ কোটি টাকার পণ্য গ্রহণ করে তা পরিশোধ করেনি। ২১ আগস্ট ফতুল্লা থানায় দায়ের করা মামলায় আদালত থেকে জামিন নিয়ে ২ কোটি ৩০ লাখ টাকা পরিশোধ এবং বাকি টাকা ৩১ ডিসেম্বরের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দেন। কিন্তু টাকা পরিশোধ না করে উল্টো তাকে পরিকল্পিত অপহরণ নাটক সাজিয়ে খুলনা ও সাতক্ষীরায় একাধিক মিথ্যা মামলা দায়ের করেছেন। এতে ঈদুল ফিতরের আগে ১০ দিন কারাভোগ করে মুক্তি পাওয়ার পর ফের নতুন মামলা দেয়া হয়েছে।
তিনি দাবি করেন, অভিযুক্ত মহাদেবচন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন জেলায় হত্যা, প্রতারণাসহ প্রায় ১১৬টি মামলা রয়েছে এবং তিনি একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য।
তিনি প্রশাসনের কাছে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার, তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার ও পরিবারের নিরাপত্তার দাবি জানান। একই সাথে আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের আহ্বান জানান। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা নজরুল ইসলাম, রাধিকা অয়েল অ্যান্ড ডাল মিলের মালিক লিটন কুমার, বাবুলাল চক্রবর্তী, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রমুখ।