হরমুজ সচল করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক
Printed Edition
সিএনএন
প্রায় দুই মাস ধরে অবরুদ্ধ থাকা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে লন্ডনে ৩০টিরও বেশি দেশ এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে। গতকাল বুধবার ব্রিটেন ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন দেশের সামরিক পরিকল্পনাবিদরা অংশ নিচ্ছেন।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে নর্থউডের পার্মানেন্ট জয়েন্ট হেডকোয়ার্টার্সে দুই দিনব্যাপী এই অধিবেশনে দেশগুলোর সামরিক সক্ষমতা কমান্ড কাঠামো এবং ওই অঞ্চলে কিভাবে দ্রুত বাহিনী মোতায়েন করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতায় যেখানে ইসরাইল ও ফিলিস্তিন সীমান্তে লাশের সংখ্যা বাড়ছে এবং বন্দিবিনিময় নিয়ে অচলাবস্থা কাটছে না সেখানে লোহিত সাগরে হাউছি বিদ্রোহীদের চ্যালেঞ্জ মোকাবেলায় এই সামরিক জোট গঠনের তোড়জোড়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালি সচল রাখা বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার জেরে ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। এই সঙ্কট নিরসনে গত শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ৫১টি দেশের অংশগ্রহণে একটি ভার্চুয়াল সম্মেলন করেন। সেখানে একটি স্বাধীন ও সম্পূর্ণ রক্ষণাত্মক বহুজাতিক মিশন গঠনের বিষয়ে দেশগুলো একমত পোষণ করে। বুধবারের এই বৈঠককে সেই কূটনৈতিক ঐকমত্যকে একটি কার্যকর সামরিক পরিকল্পনায় রূপ দেয়ার প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে।