বড়লেখা সীমান্ত দিয়ে শতাধিক ভারতীয়কে পুশইন
Printed Edition
- সীমান্তবাসী এদেরকে বিজিবির হাতে তুলে দিয়েছে
- বিজিবির টহল জোরদার হলেও উদ্বেগ, আতঙ্ক
সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন (ঠেলে দিচ্ছে) করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গত তিন দিনে সীমান্তের লোকজন শতাধিক অনুপ্রবেশকারীকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছে। উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বেশি অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি টহল জোরদার করলেও সীমান্তবাসীর মধ্যে উদ্বেগ-আতঙ্ক বিরাজ করছে।
উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকার লোকজন জানান, বুধবার ভোর ৫টার দিকে নিউ পাল্লাথল বিজিবি ক্যাম্পের আওতাধীন এলাকার সীমান্ত দিয়ে ৩২ জন নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে বিএসএফ। অপরিচিত ও সন্দেহজনক চলাফেরার কারণে পাল্লাথল চা বাগানের শ্রমিকরা তাদের আটক করে বিজিবির কাছে সোপর্দ করে। বৃহস্পতিবার সকালে বোবারথল সীমান্ত দিয়ে বিএসএফ আরো ২৩ জনকে পুশইন করেছে জানিয়ে স্থানীয় বাসিন্দারা জানান। এই লোকজনকেও আটক করে তারা বিজিবির কাছে সোপর্দ করেছেন। সীমান্তবাসীরা জানান, গত তিন দিনে শতাধিক লোক এই সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। অনুপ্রবেশকারীরা জানিয়েছে, ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের ধরে এনে জোর করে বর্ডার পার করে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। তারা অনেক বছর ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে বসবাস করছেন। সীমান্তের ওপারে তাদের মতো আরো অনেককে পুশইন করার জন্য বিএসএফ ধরে রেখেছে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে গেছে, বুধবার (৭ মে) ভোরে নিউ পাল্লা বিজিবি ক্যাম্প এলাকা দিয়ে বিএসএফের পুশইন করা ৩২ জনের অনেকে শাহবাজপুর বাজার থেকে অ্যাম্বুলেন্সে করে বড়লেখা ত্যাগ করেন। কেউ কেউ সিএনজি যোগে অন্যত্র চলে গেছেন। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, বিএসএফ যাদের অবৈধভাবে বাংলাদেশে পুশইন করল তারা প্রকৃতপক্ষে কারা। কোনো অসৎ উদ্দেশ্যে কী বিএসএফ তাদেরকে ঢুকিয়ে দিয়েছে।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ দৈনিক নয়া দিগন্তকে জানান, গত দুই দিন ধরে বেশ কিছু মানুষ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। বিএসএফ তাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। স্থানীয় লোকজন তাদের আটক করে বিজিবির কাছে তুলে দিচ্ছে। বুধবার ৩২ জনকে ও বৃহস্পতিবার ২৩ জনকে বিজিবির কাছে সোপর্দ করেছেন চা শ্রমিকরা। আটকরা বাংলাভাষী। বিজিবির পক্ষ থেকে তাদের পরিচয় নিশ্চিতের কাজ চলছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম নয়া দিগন্তকে বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে বেশ কিছু মানুষকে আটক করা হয়েছে। সীমান্তে বিজিবির নজরদারি আরো জোরদার করা হয়েছে। অনুপ্রবেশকারীদের ঠিকানা নিশ্চিত করার কাজ চলছে। পরিচয় যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।