জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন
Printed Edition
সাভার ও আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শুক্রবার সকালে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তারা বীর শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ সরকারি দল এবং বিরোধী দল উভয়ের সহযোগিতার মাধ্যমে ও উভয়ের ঐক্যবদ্ধের প্রচেষ্টার মাধ্যমে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। এ সময় তিনি সরকারের সব গঠনমূলক কর্মকাণ্ডের সহায়তা চান বিরোধী দল থেকে। বাংলাদেশের জাতীয় সংসদ জনগণের সব ধরনের আশা-আকাক্সক্ষা পূরণে কার্যক্রম গ্রহণ করবে বলে তিনি জানান। আর যেন দেশে কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে এ জন্য সব রাজনৈতিক দলগুলোকে স্পিকার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন- প্রথম দিনে সংসদে বিরোধী দলের ওয়াকআউট না করলে ভালো হতো। এর পরেও এটা তাদের বিষয়। তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে করেছে।
জিয়াউর রহমান ও খালেদার কবরে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
ত্রয়োদশ জাতীয় সংসদের নব নিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল শুক্রবার তারা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রীর কবর প্রাঙ্গণে যান। প্রথমে জাতীয় সংসদের নব নিযুক্ত স্পিকার এবং পরে ডেপুটি স্পিকার শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন এবং রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, আজ এক ঐতিহাসিক মুহূর্তে আমরা উপনীত হয়েছি, যখন দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃস্থাপিত হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার নেতৃত্বে আমরা সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে দখলমুক্ত করেছি এবং গণতন্ত্রের মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি সীমাহীন ত্যাগতিতিক্ষার মাধ্যমে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছেন- তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেছি।
স্পিকার বলেন, বাংলাদেশের বিচক্ষণ জনগণ বিএনপিকে দুই-তৃতীয়াংশ ভোট দিয়ে জয়যুক্ত করেছে যা গণতন্ত্রের পথকে সুগম করবে। সংসদে সরকার ও বিরোধী দলের সমান সুযোগ নিশ্চিত করতে আমরা দল থেকে পদত্যাগ করে স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্ব নিয়েছি।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মস-সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।