‘বসনিয়ার কসাই’ ম্লাদিচের মুক্তির আবেদন জাতিসঙ্ঘ আদালতে

Printed Edition

এএফপি

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বসনিয়ান সার্ব সামরিক কমান্ডার রাতকো ম্লাদিচ বর্তমানে মৃত্যুশয্যায় রয়েছেন বলে দাবি করেছেন তার আইনজীবীরা। ৮৪ বছর বয়সী এই যুদ্ধাপরাধীকে মানবিক কারণে নেদারল্যান্ডসের দ্য হেগের কারাগার থেকে মুক্তি দেয়ার জন্য জাতিসঙ্ঘ আদালতে আবেদন জানানো হয়েছে। আইনজীবীদের দাবি, ম্লাদিচের আয়ু ফুরিয়ে এসেছে এবং তার শেষ দিনগুলো মাতৃভাষী কোনো পরিবেশে কাটানো প্রয়োজন।

শুক্রবার আদালতে জমা দেয়া এক বিস্তারিত আবেদনে ম্লাদিচের আইনি দল জানায়, তিনি দীর্ঘ সময় ধরে শয্যাশায়ী এবং চলাফেরার জন্য হুইলচেয়ারের ওপর নির্ভরশীল। সাম্প্রতিক এক টেলিফোন আলাপের সময় তিনি স্ট্রোক করেন বলে ধারণা করা হচ্ছে, যার ফলে তিনি বর্তমানে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন।

দু’জন চিকিৎসকের মূল্যায়নের বরাতে আইনজীবীরা জানিয়েছেন, ম্লাদিচের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং যেকোনো সময় তাঁর মৃত্যু হতে পারে। এই পরিস্থিতিতে তাঁকে অবিলম্বে কোনো হাসপাতাল বা হসপিসে স্থানান্তরের অনুরোধ করা হয়েছে-যেখানে সার্বীয় ভাষায় কথা বলা হয়।