মেক্সিকোতে মার্কিন গোয়েন্দা নিহতের ঘটনায় তদন্ত শুরু

Printed Edition

দ্য গার্ডিয়ান

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া অঙ্গরাজ্যে এক সড়ক দুর্ঘটনায় নিহত দুই মার্কিন দূতাবাস কর্মকর্তার পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। তারা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কর্মকর্তা ছিলেন এমন তথ্য প্রকাশের পর মেক্সিকো সরকার সংবিধান লঙ্ঘনের সম্ভাবনা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

রোববার ভোরে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের সাথে একটি মাদক ল্যাব ধ্বংসের অভিযানে অংশ নিয়ে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি এলাকায় প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। ঘটনার পর থেকেই মার্কিন কর্মকর্তাদের এই অভিযানে সম্পৃক্ততা নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবম জানিয়েছেন এ ধরনের কোনো অভিযানের বিষয়ে তিনি বা তার মন্ত্রিসভা আগে থেকে অবগত ছিলেন না। সংবাদ সম্মেলনে শেইনবম বলেন ‘এই ব্যক্তিরা কী করছিল এবং তারা কোন সংস্থার সদস্য ছিল, তা আমরা তদন্ত করছি। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, তা হলো তারা (রাজ্য সরকারের সাথে) একযোগে কাজ করছিল।

সুতরাং, এটি সংবিধান এবং জাতীয় নিরাপত্তা আইনের লঙ্ঘন ছিল কি না, তা জানতে অ্যাটর্নি জেনারেলকে তদন্ত করতে হবে।’ মেক্সিকোর জাতীয় নিরাপত্তা আইনে ফেডারেল সরকারের অনুমতি ছাড়া বিদেশি সংস্থার সাথে যৌথ অভিযান পরিচালনার সুযোগ নেই। মার্কিন দূতাবাস রোববার দুই কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও তারা সিআইএর সদস্য ছিলেন কি না এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। চিহুয়াহুয়ার অ্যাটর্নি জেনারেল সিজার জাউরেগুই মোরেনো বলেন, মার্কিন ‘প্রশিক্ষকরা’ সরাসরি অভিযানে অংশ নেননি; বরং অভিযান শেষে প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ঘটনাস্থলে যান। তিনি দাবি করেন, অভিযানে শুধুমাত্র মেক্সিকান এজেন্টরা অংশ নিয়েছিলেন, তাই কেন্দ্রীয় সরকারকে জানানো হয়নি।

তবে তার দফতরের আগের এক বিবৃতিতে বলা হয়েছিল, ওই মার্কিন কর্মকর্তারা ‘গোপন মাদক ল্যাব ধ্বংসের অভিযান’ থেকে ফেরার পথে নিহত হয়েছেন, যা নতুন করে প্রশ্ন তৈরি করেছে। ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সম্পর্ক কিছুটা উত্তেজনাপূর্ণ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক পাচার ঠেকাতে মেক্সিকোর ওপর চাপ বাড়াচ্ছেন, অন্য দিকে শেইনবম দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন। মেক্সিকোতে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম বরাবরই সংবেদনশীল বিষয়।