কুরআনের বিধান প্রতিষ্ঠায় আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : জামায়াত
Printed Edition
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, কুরআনের বিধান প্রতিষ্ঠায় আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী জাগরণ ও পরিবর্তনে আলেমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আলেমরা হচ্ছেন নবীদের উত্তরাধিকার। বিগত সরকারের দুঃশাসনামলে আলেমরা জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকার কারণে দেশ থেকে ইসলাম নির্মূল করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত থেকে দেশ মুক্তি লাভ করলেও আওয়ামী লীগের ইসলামবিরোধী তৎপরতা থেকে জাতি এখনো মুক্তিলাভ করেনি। পরিবর্তিত পরিস্থিতিতে জাতির মুক্তি নিশ্চিত করার জন্য ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
গতকাল ময়মনসিংহের মুক্তাগাছায় উলামায়ে কেরাম ও ইমাম-খতিবদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুক্তাগাছা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোজাম্মেল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো বক্তৃতা করেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা বদরুল আলম, উপজেলা আমির অধ্যাপক শামসুল হক, মাওলানা মাসুদুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রুহুল আমীন, মুফতি তাজউদ্দীন, অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান, আবদুল্লাহ মেহাম্মদ মোজাহীদ, মাওলানা আফতাবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা রায়হান প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আকরান হোসেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন : জুলাই বিপ্লবে আমাদের শ্রমিক সমাজের অসামান্য অবদান রয়েছে; তাই অর্জিত বিপ্লবের চেতনা ধারণ করে দেশে অপশাসন-দুঃশাসনের অবসান ঘটিয়ে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে শ্রমিক সমাজকে এক দফায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ।
রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে শুক্রবার সমাজের বিশিষ্ট ব্যক্তি ও শ্রমিক নেতাদের সম্মানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মহিববুল্লাহর সভাপতিত্বে এবং মহানগরী সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতা করেন, ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম ও মুজিবুর রহমান ভূঁইয়া। আরো বক্তৃতা করেন, ঢাকা মহানগরী উত্তরের সহসভাপতি মিজানুল হক ও গাজী মাহবুব আলম এবং গুলশান থানা জামায়াতের আমির মাহমুদুর রহমান আজাদ।
পল্লবীতে জামায়াতের ফুড প্যাকেট বিতরণ : পল্লবী থানা উত্তর জামায়াতের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মধ্যে ফুড প্যাকেট উপহার দেয়া হয়। থানা আমির মাওলানা সাইফুল কাদেরের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মাদ মহিউদ্দিনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, ঢাকা-১৬ সংসদীয় আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী কর্নেল (অব:) মুহাম্মদ আবদুল বাতেন। উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে সমাজের মেহনতি ও সুবিধাবঞ্চিত মানুষের কারো কাছে হাত পাততে হবে না বরং রাষ্ট্রই সব মানুষের ঘরে ঘরে তাদের অন্ন-বস্ত্রসহ মৌলিক অধিকার পৌঁছে দেবে। জামায়াত এমন একটি রাষ্ট্র কায়েমের জন্য চেষ্টা করছে। তিনি আল-কুরআনের সমাজ ও দেশকে ইসলামী কল্যাণরাষ্ট্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান। উল্লেখ্য, প্রোগ্রামে ২০০ পরিবারের মধ্যে ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে।
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের বাড়ি পরিদর্শন : মহল বিশেষের নীলনকশায় দেশে সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু তত্ত্বকে ইস্যু বানানোর অপচেষ্টা চালানো হলেও আমাদের দেশে কোন সংখ্যালঘু নেই; বরং ধর্ম, বর্ণ, গোত্র, মত ও পথ নির্বিশেষে আমরা সবাই গর্বিত বাংলাদেশী নাগরিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
গতকাল লক্ষ্মীপুরে ১৮ নম্বর কুশাখালী ইউনিয়নের পূর্বে কল্যাণপুরে মতিবাবুর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। ড. রেজাউল করিম অগ্নিদুর্গত এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তসহ স্থানীয় জনগণের সাথে একান্তে কথা বলেন। এ সময়ে মহানগরী সেক্রেটারির সাথে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা আমির মাওলানা নুর মোহাম্মদ রাসেল, থানা অফিস সেক্রেটারি আবিদুর রহমান, কুশাখালী ইউনিয়ন আমির মাওলানা শফিক উল্যাহ ও সেক্রেটারি ইয়াছিন আরাফাত, থানা মাধ্যমিক শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি ও কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম খোকন প্রমুখ।
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী নাগরিক উন্নয়ন পরিষদ উদ্যোগে প্রান্তিক শ্রমিকদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে ৮০ জন শ্রমিকের মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়।
চট্টগ্রামে জামায়াতের কর্মী সম্মেলন
চট্টগ্রাম ব্যুরো জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দেশে বেকারত্ব ও বেতন বৈষম্য থাকবে না। জামায়াতের লক্ষ্য একটি কল্যাণ রাষ্ট্র (ওয়েল ফেয়ার স্টেট) প্রতিষ্ঠা করা, যেখানে ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
ডবলমুরিং থানার ২৪ নশ্বর দক্ষিণ আগ্রাবাদ জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গত শুক্রবার তিনি এসব কথা বলেন। ওয়ার্ড জামায়াতের আমির মুহাম্মদ ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ ইব্রাহিম হোসেন, ডবলমুরিং থানা জামায়াতের আমির ফারুকে আজম, থানা সেক্রেটারি সালাহ উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন- ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আবদুল মালেক, ২৭ নম্বর ওয়ার্ড আমির মুজিবুর রহমান প্রমুখ।