গৌরনদীতে নয়া দিগন্তের সংবাদদাতা জহিরকে হত্যার হুমকি

Printed Edition

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা

বরিশালের গৌরনদীতে নয়া দিগন্তের স্থানীয় সংবাদদাতা ও গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ০৯৬৩৮৫০৫৫৫৬ নম্বর থেকে এক অজ্ঞাত ব্যক্তি জহিরের মোবাইলে কল করে নিজেকে প্রথম আলোর সম্পাদকসহ বিভিন্ন পরিচয়ে পরিচয় দেয়। তার সঠিক পরিচয় জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।

ঘটনার পর স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ বিষয়টি থানায় অবহিত করেন। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, অভিযোগের ভিত্তিতে জিডি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।

এসআই সাইফুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে এবং হুমকিদাতাকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক, সচেতন মহল ও বিভিন্ন সংগঠনের নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দ্রুত অভিযুক্তকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

সাংবাদিক জহির বলেন, কারা এবং কেন এ ধরনের হুমকি দিয়েছে তা তিনি বুঝতে পারছেন না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।