যাত্রীবাহী পরিবহনের লাগেজ বক্সে জীবিত ছাগল কালীগঞ্জে ৪ জনকে জরিমানা
Printed Edition
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের লাগেজ বক্সে জীবিত ছাগল পরিবহনের অভিযোগে চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের প্রধান বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ছাগল ব্যবসায়ী মিলন হোসেন, বাসচালক রবিউল ইসলাম, সুপারভাইজার নাছিম ও হেলপার রাসেল হোসেন। প্রশাসন জানায়, শিবনগর এলাকার ব্যবসায়ী মিলন হোসেন ‘সেন্টমার্টিন পরিবহনে’র লাগেজ বক্সে ১২টি জীবিত ছাগল এবং দু’টি কার্টনে প্রায় ১০০ কেজি গোশত চট্টগ্রামে পাঠাচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রাণী কল্যাণ আইনের ২০১৯ সালের ১৬(ক) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। এ সময় বাসের লাগেজ বক্স থেকে গোশতও উদ্ধার করা হয়, যা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পশু পরিবহনে নির্ধারিত নিয়ম ভঙ্গ করে লাগেজ বক্সে জীবিত প্রাণী বহন করা অমানবিক ও আইনবিরোধী। ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে অভিযান অব্যাহত থাকবে।