দিনাজপুরে অগ্নিকাণ্ডে দম্পতির মৃত্যু

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শহরের সুইহারী আশ্রমপাড়া এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার রাত ১২টার পর এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাসাটিতে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী দ্রুত নেভানোর চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘরের ভেতরে প্রবেশ করে মেঝেতে পড়ে থাকা দু’টি লাশ উদ্ধার করেন। নিহতরা হলেন তপন সরকার ও তার স্ত্রী লতা সরকার। তাদের দুই সন্তান রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মী ওবায়দুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পর তারা ঘর থেকে বের হতে না পারায় এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।