ফের চালু হলো আশুগঞ্জ পাবলিক লাইব্রেরি

Printed Edition

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দীর্ঘ দিন বন্ধ থাকার পর সংস্কার ও আধুনিকায়ন শেষে পুনরায় যাত্রা শুরু করল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাবলিক লাইব্রেরি। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক আবু সাঈদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাইব্রেরিটির উদ্বোধন করেন। এর ফলে এলাকার শিক্ষার্থী ও সাধারণ পাঠকদের দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ানোর পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে। পাবলিক লাইব্রেরিকে কেবল বইয়ের ভাণ্ডার নয়, বরং জ্ঞানচর্চার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে। তিনি তরুণ প্রজন্মকে লাইব্রেরিমুখী করতে নিয়মিত বই পড়া প্রতিযোগিতা ও পাঠচক্র আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল আলম চৌধুরী এবং উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ। এ ছাড়াও লাইব্রেরির প্রতিষ্ঠাতা সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, লাইব্রেরিটি দীর্ঘ দিন বন্ধ থাকায় স্থানীয় পাঠকরা জ্ঞানচর্চা থেকে বঞ্চিত ছিলেন। পুনরায় এটি চালু হওয়ায় পাঠক ও গবেষকরা উপকৃত হবেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মুফতি মোশাররফ হোসাইন।