এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, শেরেবাংলার নাতনীসহ কয়েকজন
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকারসহ কয়েকজন পরিচিত মুখ আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। একই সাথে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনী ফেরসামিন হক ইকবাল (ফ্লোরা), কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং আওয়ামী লীগ সরকারের আমলে রেলের অনিয়ম নিয়ে আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিও এনসিপিতে যোগ দেন।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলের শীর্ষ নেতারা।
ফেরসামিন হক ইকবাল বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তবে ইসহাক সরকার, নুরুজ্জামান কাফি ও মহিউদ্দিন রনি মঞ্চে উপস্থিত ছিলেন। তাদের নাম ঘোষণা করা হলে নাহিদ ইসলাম ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে অংশ নিতে বিকেল সোয়া ৩টার দিকে আইডিইবিতে পৌঁছান নাহিদ ইসলাম ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে অনুষ্ঠানস্থলে আসেন ইসহাক সরকার। এ সময় কর্মীরা তাকে ঘিরে বিভিন্ন স্লোগান দেন।
বিকেল সাড়ে ৩টার দিকে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দীন মোহাম্মদ ও সদস্যসচিব এস এম শাহরিয়ার। এ ছাড়া ঢাকা-৭ আসনে দলের মনোনীত প্রার্থী তারেক আহম্মেদ আদেলও বক্তব্য দেন।
পরে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় নাহিদ ইসলাম বলেন, ফেরসামিন হক ইকবাল বরিশালের কৃতী সন্তান হিসেবে এনসিপিতে কাজ করবেন। তিনি নুরুজ্জামান কাফিকে তরুণ প্রজন্মের প্রতিনিধি এবং মহিউদ্দিন রনিকে ‘জুলাইয়ের সহযোদ্ধা’ হিসেবে স্বাগত জানান।
ইসহাক সরকারকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তাকে আলাদা করে পরিচয় করিয়ে দেয়ার প্রয়োজন নেই। ছাত্রদল ও যুবদলে কেন্দ্রীয় নেতৃত্ব দেয়া ইসহাক সরকার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে। তিনি আগে যেমন বিরোধী রাজনীতি করেছেন, ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন।
নাহিদ ইসলাম আরো বলেন, ইসহাক সরকার তরুণদের পক্ষে দাঁড়িয়ে অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সাথে বিপুলসংখ্যক অনুসারীও এনসিপিতে যোগ দিচ্ছেন।
পরে ইসহাক সরকারসহ নবযোগদানকারীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারী অন্য একটি কর্মসূচিতে অংশ নিতে স্থান ত্যাগ করেন। পরবর্তীতে সাংস্কৃতিক মুক্তিজোটের নেতা মাকসুদুর রহমান সোহেলও এনসিপিতে যোগ দেন। দলের অন্যান্য নেতারা তাকেও ফুল দিয়ে স্বাগত জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে সদ্য যোগ দেয়া নেতারা তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ ছাড়া বক্তব্য দেন এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উল্লেখ্য, এর আগে ১৯ এপ্রিল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৪ জন নেতা এনসিপিতে যোগ দেন।