শ্রীমঙ্গলে ২৪ ঘণ্টায় ১৩৩.৬ মিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

Printed Edition

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত ২৪ ঘণ্টায় ১৩৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, গত শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তাছাড়া গতকালও এ অঞ্চলে বৃষ্টিপাত ও দমকা হাওয়া অব্যাহত ছিল

শুক্রবার দিনের পর রাতভর প্রচুর বৃষ্টিপাতের ফলে শহরতলির অনেক এলাকা বৃৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এই জলাবদ্ধতার কারণে সাময়িক ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দরা।

এদিকে গতকালও বৃষ্টিপাত অব্যাহত থাকায় জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। শহরে মানুষজনের উপস্থিতি একেবারেই কম। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় শহর ও আঞ্চলিক সড়কে রিকশা, অটোরিকশা ও যানবাহনের চলাচল কম ছিল। সেই সাথে পর্যটকরা পড়েছেন বিপাকে। তারা হোটেল/রিসোর্ট-এর রুমেই অলস সময় কাটাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে বৃষ্টিপাত হওয়াটা স্বাভাবিক হলেও এবারের মতো এত বেশি কালবৈশাখী ঝড় এর আগে কখনো দেখা যায়নি। স্থানীয়রা জলাবদ্ধতার অপরিকল্পিত বাসাবাড়ি নির্মাণের জন্য এবং পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা না রাখাকে দায়ী করেছেন। সেইসাথে বিভিন্ন ছড়া ভরাট হয়ে যাওয়া এবং প্রভাবশালীদের দখলে থাকায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

শ্রীমঙ্গস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিসুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ১৩৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন এ অঞ্চলে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে, সেই সাথে বজ্রপাত হতে পারে বলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।