মাদুরোর বিরুদ্ধে অভিযোগ খারিজে অস্বীকৃতি মার্কিন আদালতের

Printed Edition

এবিসি নিউজ

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আনা মাদকসন্ত্রাসের অভিযোগ এখনই খারিজ করতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার পর বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বন্দী রয়েছেন।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক শুনানিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের আইনি খরচ মেটাতে ভেনিজুয়েলা সরকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে মামলাটি বাতিলের আবেদন করেছিল তাদের আইনজীবী দল। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা ওই শুনানিতে জ্যেষ্ঠ বিচারক অ্যালভিন হেলারস্টেইন জানান, তিনি এখনই মামলাটি খারিজ করছেন না। তবে মাদুরোর ক্ষমতাচ্যুতির পর ভেনিজুয়েলার সাথে সম্পর্ক উন্নত হওয়া সত্ত্বেও আইনি খরচ মেটানোর ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার সমালোচনা করেন তিনি।

বিচারক হেলারস্টেইন ইঙ্গিত দেন, ভেনিজুয়েলা সরকার থেকে তহবিল গ্রহণে মাদুরোর আইনজীবীদের বাধা দেয়া হলে তা তার আইনি সহায়তা পাওয়ার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করতে পারে।