যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সময়ের জন্য সরকারে আংশিক অচলাবস্থা
Printed Edition
আলজাজিরা
যুক্তরাষ্ট্রে অর্থায়নের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় সরকার আংশিকভাবে অচল হয়ে গেছে। কংগ্রেস নির্ধারিত সময়ের মধ্যে বাজেট বিল অনুমোদন করতে ব্যর্থ হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার রাতে দীর্ঘ বিলম্বের পর সিনেট ৭১-২৯ ভোটে বাজেট বিল অনুমোদন করেছে। তবে প্রতিনিধি পরিষদ সোমবারের আগে এ বিষয়ে ভোট দেবে না। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিলগুলোতে স্বাক্ষর করতে হবে।
ফলে গতকাল শনিবার রাত ১২টা ১ মিনিটে যুক্তরাষ্ট্রে আংশিক সরকার বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, এ বন্ধ স্বল্প সময়ের জন্যই হবে। উভয় দলের আইনপ্রণেতারা চেষ্টা করছেন যাতে অভিবাসন আইন প্রয়োগ নিয়ে বিতর্ক অন্য সরকারি কার্যক্রমে প্রভাব না ফেলে। তবে মিনেসোটায় অভিবাসন কর্মকর্তাদের হাতে দুইজন নিহত হওয়ার ঘটনায় ডেমোক্র্যাটদের ক্ষোভ বেড়েছে। গত বছরের শরতে স্বাস্থ্যসেবা নিয়ে বিরোধের কারণে সরকার ৪৩ দিন বন্ধ ছিল, যা ইতিহাসে সবচেয়ে দীর্ঘ। এতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রায় ১১ বিলিয়ন ডলারের ক্ষতি হয়।
আলজাজিরার সাংবাদিক রোজালিন্ড জর্ডান জানান, শনিবার মধ্যরাত থেকে সরকার আংশিক অচল হয়। প্রতিনিধি পরিষদ সোমবারের আগে সিনেট অনুমোদিত পরিবর্তনগুলো দেখতে পারবে না, কারণ তারা সাপ্তাহিক ছুটিতে রয়েছে। তবে আশঙ্কা রয়েছে, রাজনৈতিক বিভাজন ও ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন অভিযান এবং এ অভিযানে যুক্তরাষ্ট্রের নাগরিক নিহত হওয়ার কারণে এ বন্ধ দীর্ঘায়িত হতে পারে। ডেমোক্র্যাটদের ক্ষোভের কারণ, মিনেসোটার মিনিয়াপোলিস শহরে অভিবাসনবিরোধী অভিযানে ফেডারেল এজেন্টদের গুলিতে দুইজন মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেটি ও রেনে গুড নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে নতুন অর্থ বরাদ্দের বিরোধিতা আরো তীব্র হয়েছে।
সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, দেশ ভাঙনের দিকে যাচ্ছে। জনগণ চাইছে কংগ্রেস পরিবর্তন আনুক। সিনেটের ডেমোক্র্যাট হুইপ ডিক ডারবিন সামাজিকমাধ্যমে লিখেছেন, ট্রাম্প প্রশাসন মাদক পাচারকারী, শিশু নির্যাতনকারী ও মানব পাচারকারীদের বদলে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করছে। এতে দেশ আরো অনিরাপদ হয়ে পড়ছে। উভয় দলের আইনপ্রণেতারা নিহতদের ঘটনায় তদন্ত দাবি করেছেন। ট্রাম্প বলেছেন, তিনি সরকার বন্ধ চান না। এজন্য তিনি বিরলভাবে শুমারের সাথে সমঝোতা করেন এবং উভয় দলকে বাজেট বিলের পক্ষে ভোট দিতে আহ্বান জানান। হোয়াইট হাউজ ও সিনেট ডেমোক্র্যাট নেতাদের মধ্যে হওয়া চুক্তির মাধ্যমে পাঁচটি বাজেট বিল অনুমোদন করা হয়েছে, যা সেপ্টেম্বর পর্যন্ত বেশির ভাগ সরকারি কার্যক্রম চালাতে অর্থায়ন করবে।
চুক্তি অনুযায়ী, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অর্থায়ন আলাদা করা হয়েছে। ফলে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয়সহ অন্যান্য সংস্থার জন্য অর্থ অনুমোদন করা সম্ভব হয়েছে। তবে অভিবাসন সংস্থাগুলোর কার্যক্রমে পরিবর্তন আনার বিষয়ে আলোচনা চলবে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অর্থায়ন আপাতত দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে, যাতে আইনপ্রণেতারা এর কার্যক্রমে পরিবর্তন আনার সময় পান।