হাটলক্ষ্মীগঞ্জ-কৃষি ব্যাংক এলাকায় ‘মানবতার দেয়াল’ স্থাপন

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ ও কৃষি ব্যাংক এলাকায় ‘মানবতার দেয়াল’ স্থাপন করেছে জনশক্তি উন্নয়ন সংস্থা। গত রোববার সন্ধ্যার পর হাটলক্ষ্মীগঞ্জ জামাই বাজার ও কৃষি ব্যাংকসংলগ্ন এলাকায় এই মানবিক কার্যক্রম শুরু হয়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, হাটলক্ষ্মীগঞ্জ জামাই বাজারের শাহজালাল স্টোরের পাশে স্থাপন করা হয়েছে ‘মানবতার দেয়াল-১’ এবং কৃষি ব্যাংকসংলগ্ন একটি গলিতে স্থাপন করা হয়েছে ‘মানবতার দেয়াল-২’। পর্যায়ক্রমে এই কার্যক্রম আরো বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

এ সময় জনশক্তি উন্নয়ন সংস্থার নেত্রী ফারজানা আক্তার বলেন, শীতার্ত মানুষের জন্য পোশাকের ব্যবস্থা করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। তিনি সমাজের বিত্তবান ও সচেতন মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপ্রয়োজনীয় হলেও ব্যবহারযোগ্য শীতবস্ত্র মানবতার দেয়ালে রেখে যাওয়ার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।

তিনি আরো জানান, যেখানে শীতবস্ত্রের চাহিদা বেশি, সেসব এলাকাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও মানবতার দেয়াল স্থাপন করা হবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, মানবতার দেয়ালের মাধ্যমে প্রকৃত শীতার্ত মানুষ উপকৃত হবে এবং তারাও নিজেদের ব্যবহারযোগ্য শীতবস্ত্র সেখানে দেয়ার আগ্রহ প্রকাশ করেন।

এলাকার এক দোকানি বলেন, মানবতার দেয়ালটি যেন কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে তিনি নজর রাখবেন।