ঢাবিতে গোলটেবিল বৈঠক

নারী উন্নয়নে কমিউনিটি বেইজড ডে-কেয়ার সেন্টার ও প্রণোদনার প্রস্তাব

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (সিজিডিএস) উদ্যোগে ‘ফ্রম পলিসি টু প্রাক্সিস : ইনস্টিটিউশনালাইজিং রাইটস, জাস্টিস অ্যান্ড অ্যাকশন ফর উইমেন অ্যান্ড গার্লস ইন বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সামাজিক বিজ্ঞান অনুষদের সভাকক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, শিক্ষায় নারীরা এগুলেও নীতিনির্ধারণী পর্যায়ে তারা এখনো পিছিয়ে। অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে সংখ্যার চেয়ে গুণগত মান ও দক্ষতাকে বেশি গুরুত্ব দিতে হবে। তিনি জাতীয় বাজেটে নারী উন্নয়নে সুনির্দিষ্ট বরাদ্দের অভাব উল্লেখ করে নারী ও শিশু বিষয়ক, শ্রম এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরো শক্তিশালী করার আহ্বান জানান।

ড. বিদিশা আরো বলেন, ‘কেয়ার গিভিং’ খাতকে একটি মাঝারি-দক্ষতার পেশা হিসেবে স্বীকৃতি দিলে দেশে-বিদেশে নারীদের বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়া শিশু দিবাযতœ কেন্দ্র বা ‘ডেকেয়ার’ ধারণাকে কেবল অভিজাত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ না রেখে পোশাক কারখানা ও বস্তিবাসী নিম্ন আয়ের নারীদের জন্য ‘কমিউনিটি বেইজড ডেকেয়ার সেন্টার’ হিসেবে গড়ে তুলতে হবে। এই কাজে বেসরকারি খাতকে উৎসাহিত করতে বাজেটে বিশেষ প্রণোদনা দেয়ার প্রস্তাব করেন তিনি। সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সানজীদা আখতারের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এবং যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের সিনিয়র ফ্যাকাল্টি ডা: হালিদা হানুম আখতার বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আয়েশা বানু।

বৈঠকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ পুলিশ, ব্র্যাক ও মহিলা পরিষদসহ বিভিন্ন দেশী-বিদেশী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি