ছয় দলের বিশ্বকাপ নিশ্চিত হওয়ার ম্যাচ
Printed Edition
ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় চলতি বছর বসবে ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথম ৩২ দল থেকে বর্ধিত পরিসরে ৪৮ দল নিয়ে হবে এই মেগা আসর। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া আসরে ইতোমধ্যে মূল পর্বের টিকিট কেটেছে ৪২টি দেশ। বাকি থাকা ছয়টি দল বাছাইপর্বের শেষ মুহূর্তে ইউরোপ ও আন্তঃমহাদেশীয় অঞ্চল থেকে আজ চূড়ান্ত লড়াইয়ে নামছে। ইউরোপ অঞ্চলের প্লে-অফের ফাইনালে ইতালি মোকাবেলা করবে বসনিয়ার। তুরস্কের প্রতিপক্ষ কসোভো। রবার্ট লেভানোদোভস্কির দেশ পোল্যান্ড খেলবে সুইডেনের বিপক্ষে। চেক প্রজাতন্ত্রের প্রতিপক্ষ শক্তিশালী ডেনমার্ক।
আন্তঃমহাদেশীয় প্লে অফ ফাইনালে আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর প্রতিপক্ষ উত্তর আমেরিকার ক্যারিবীয়ান সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র জ্যামাইকা। অপর ম্যাচে এশিয়ার দেশ ইরাক মোকাবেলা করবে ল্যাটিন আমেরিকার বলিভিয়াকে। হাইভোল্টেজ এই ফাইনাল ম্যাচগুলো আজ নির্ধারণ করবে কে যাচ্ছে মেক্সিকো-কানাডা-যুক্তরাষ্ট্রের আসন্ন বিশ্বকাপে।
বিশ্বকাপে ফিরতে হলে ইউরোপীয় প্লে-অব ফাইনালে অ্যাওয়ে ম্যাচে জিততেই হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে। ফলে আসন্ন বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে জেনারো গাত্তুসোর দলকে। ২০১৪ সালে ব্রাজিলের মাটিতে সবশেষ বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল আজ্জুরিরা। এরপর ২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে এশিয়া দেশ কাতার বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হয় ইতালি। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে এবারো নরওয়ের কাছে হেরে প্লে অফ খেলতে হয় কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি-জিয়ানলুইজি বুফনদের দেশটিকে। প্লে অফের সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে ২-০তে হারিয়ে ফাইনাালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বসনিয়াকে।
বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা এ পর্যন্ত মাত্র একবার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। স্বতন্ত্র জাতি হিসেবে তারা ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। সেবার গ্রুপ পর্বে তারা ইরানকে হারালেও নকআউট পর্বে উঠতে পারেনি। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট পেতে হলে এবার বড় চ্যালেঞ্জ ইতালি-বাধা অতিক্রম করতে হবে দলটিকে।
এখন পর্যন্ত কোনো বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করেনি কসোভো। ২০১৬ সালে ফিফার সদস্যপদ লাভের পর থেকে তারা বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণ করলেও মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তুরস্ককে হারিয়ে এবার বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ রয়েছে কসোভোর। অপর দিকে ১৯৫৪ ও ২০০২ বিশ্বকাপ আসরের মূল পর্বে খেলার অভিজ্ঞতা রয়েছে তুরস্কর। তবে ১৯৫০ সালে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও সেবার মূল পর্বে অংশ নেয়টি দলটি। আর প্রথমবার গ্রুপপর্ব অতিক্রম করতে না পারলেও জাপান-দক্ষিণ কোরিয়া আসরে তৃতীয়স্থান অর্জন করেছিল ইউরোপের মুসলিম এই দেশটি। এবার দীর্ঘ খরা কাটিয়ে মেগা আসরের টিকিট কাটার অপেক্ষায় তুরস্ক।
সুইডেন ও পোল্যান্ড থেকে একটি দল যাবে বিশ্বকাপের মূল পর্বে। ২০১৮ সালে সবশেষ বিশ্বকাপে খেলেছে সুইডিশরা। আর ২০২২ সালে কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করে নকআউট পর্বে উঠেছিল পোল্যান্ড। ইউরোপীয় দুই শক্তিশালী দলের এই লড়াইটি হবে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
বিশ্বকাপ ফুটবলে একবারই খেলার অভিজ্ঞতা চেক প্রজাতন্ত্র। ২০০৬ সালে জার্মানির সেই আসরে যুক্তরাষ্ট্রকে হারালেও গ্রুপ পর্ব অতিক্রম করতে পারেনি চেজিয়ারা। অপর দিকে অভিজ্ঞতার দিক থেকে বেশ শক্তিশালী ডেনমার্ক। এখন পর্যন্ত ছয়বার বিশ্বকাপের মূলপর্বে অংশগ্রহণকারী দেশটি সবশেষ খেলেছে ২০২২ সালে কাতারে।
মেক্সিকোয় আন্তঃমহাদেশীয় প্লে-অফ সেমিফাইনালে সুরিনামকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ইরাকের মোকাবেলা করবে বলিভিয়া। অন্য দিকে নিউ ক্যালেডোনিয়াকে হারিয়ে জ্যামাইকা মূল মঞ্চে জায়গা করে নিতে ফাইনালে মুখোমুখি হবে ডিআর কঙ্গোর।