সৈয়দপুরে ত্রাণ প্রতিমন্ত্রী দুলু
ফ্যামিলি কার্ড নিয়ে উপহাসকারীদের মুখে ছাই পড়েছে
Printed Edition
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
ফ্যামিলি কার্ড নিয়ে যারা উপহাস করেছে তাদের মুখে ছাই পড়েছে। মাত্র এক মাসের মাথায় এই কর্মসূচি শুরু করা হয়েছে।
অন্য কোনো দলের প্রধানমন্ত্রীর পক্ষে এত দ্রুত এটা করা সম্ভবপর হতো না। সরকারের ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমন মন্তব্য করেছেন। তিনি গত বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, তারেক রহমানের মতো নেতৃত্বই শুধু এত দ্রুত নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর। তিনি এতটা আন্তরিক বলেই এটা সম্ভব হয়েছে। একই সাথে খাল খনন কর্মসূচি শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ এ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন তিনি। উত্তরাঞ্চল থেকে এ কার্যক্রম শুরু করা হবে। সে লক্ষ্যে ওইদিন প্রধানমন্ত্রী সৈয়দপুরে প্রথম পদার্পণ করবেন। এপ্রিলের মধ্যে কৃষক কার্ডেরও উদ্বোধন করা হবে।
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সাথে এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহীন। উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সদস্য ও সাবেক এমপি বিলকিস ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সহসভাপতি জিয়াউল হক জিয়া, দফতর সম্পাদক নজরুল ইসলাম লালবাবু প্রমুখ।