কালিগঞ্জে অস্ত্র-ইয়াবা বোমাসহ কুখ্যাত ডাকাত ইয়ার আলী গ্রেফতার
Printed Edition
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
র্যাব ও পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরার কালিগঞ্জে কুখ্যাত ডাকাত ইয়ার আলী (৪৩) ও তার সহযোগী আরিফুল ইসলাম উজ্জ্বল (৩৪) গ্রেফতার হয়েছে। অভিযানকালে পিস্তল, গুলি, বোমা, ওয়াকিটকি ও ইয়াবা উদ্ধার করা হয়।
গত শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কৃষ্ণনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ইয়ার আলী কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের জব্বার আলী তরফদারের ছেলে এবং উজ্জ্বল একই ইউনিয়নের বেনাদোনা গ্রামের মাহমুদ আলী বিশ্বাসের ছেলে।
অভিযানে অংশ নেয়া কালিগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক আতিকুর রহমান আতিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেনের বাড়ির সামনে থেকে ইয়ার আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে ১টি নাইন এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও ২টি ওয়াকিটকি উদ্ধার হয়। ইয়ার আলীর দেয়া তথ্যের ভিত্তিতে রাতে পৃথক আরেকটি অভিযান চালিয়ে উজ্জ্বলকে গ্রেফতার করা হয় এবং তার কাছে থেকেও ২টি বোমা উদ্ধার করা হয়।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: রাজিব হোসেন জানান, র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইয়ার আলীকে আটক করে। তার দেয়া তথ্যে উজ্জ্বলকে ঢাকায় পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে মোটরসাইকেলসহ আটক করা হয়। ইয়ার আলীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ডাকাতিসহ অন্তত ২৩টি মামলা রয়েছে।
দীর্ঘ দিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টিকারী ইয়ার আলীর গ্রেফতারে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই শীর্ষ সন্ত্রাসীর গ্রেফতারে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে।