শ্যামাসুন্দরী খালকে রংপুরবাসীর জন্য আশীর্বাদে পরিণত করার উদ্যোগ নেয়া হবে : নব নিযুক্ত রাসিক প্রশাসক

Printed Edition

রংপুর ব্যুরো

হয়রানি ও দুর্নীতিমুক্তভাবে রংপুর সিটি করপোরেশনে নাগরিক সেবা নিশ্চিত করে দুর্ভোগের শ্যামাসুন্দরী খালকে রংপুরবাসীর জন্য আশীর্বাদে পরিণত করতে উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়েছেন নব নিযুক্ত প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন।

গতকাল সোমবার সকাল রংপুর সিটি করপোরেশনে প্রশাসনের দায়িত্ব গ্রহণ করে তিনি এই ঘোষণা দেন। এর আগে তিনি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে বৈঠক করেন এবং বিভিন্ন সেকশন ঘুড়ে দেখেন। আগেই ঘোষণা দেন শুভেচ্ছা হিসেবে তিনি ফুল গ্রহণ করবেন না। দায়িত্ব গ্রহণ শেষে ডন বলেন, ‘আমার প্রথম কাজ নাগরিকসেবা সবার দোড়গোড়ায় পৌঁছে দেয়া। বিশেষ করে কাউন্সিলর অফিসগুলোতে যে স্থবিরতা সৃষ্টি হয়েছে। সেগুলোকে কার্যকর করা। জন্মনিবন্ধনসহ প্রাত্যহিক যে কাজগুলো নগরবাসীর জন্য প্রয়োজন সেগুলো সবার আগে হয়রানি ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা। ’ ডন আরো বলেন, ‘আমিসহ সিটি করপোরেশনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী থাকবে জবাবদিহিতার আওতায়। কোনো ধরনের অনিয়ম, সিন্ডিকেট, দুর্নীতি হয়রানির সাথে কেউ জড়িত থাকলে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ‘শ্যামাসুন্দরী খালটি এখন যেমন আমাদের জন্য দুর্ভোগের কারণ হয়েছে, এই দুর্ভোগের কারণ থেকে এই শ্যামাসুন্দরী খালকে আমাদের রংপুরের জন্য আশীর্বাদ রূপে সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় আমরা পরিকল্পনা করা হবে। ডন আরো বলেন, ‘শ্যামা সুন্দরী খালকে বলা হয় রংপুরের ফুসফুস। এটাকে আমরা স্বল্প মেয়াদে একটি পরিচ্ছন্ন একটি কার্যক্রম পরিচালনা করব। যেন সেখানে যে বর্জ্যগুলো বা আবর্জনাগুলো আছে সেগুলো না থাকে।