প্রিয় নেতাকে দেখতে লাখো জনতার ভিড়
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় আয়োজন করা হয় গণসংবর্ধনার অনুষ্ঠান। সেখানে আগের রাত নির্ঘুম কাটিয়েছেন তৃণমূলের অসংখ্য নেতাকর্মী। হাড় কাঁপানো ঠাণ্ডা উপেক্ষা করে ভোরেও দলে দলে এসেছেন নেতা-কর্মীরা।
গতকাল বৃহস্পতিবার ভোরে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকা ঘুরে দেখা যায়, তারেক রহমানকে বরণে জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো এলাকা। সেøাগানে সেøাগানে মুখরিত হয়ে উঠে আশপাশ। প্রিয় নেতাকে একনজর দেখতে ধীরে ধীরে লাখো জনতার ভিড় জমে ওঠার দৃশ্য ছিল অসাধারণ।
নেতাকর্মী ও সমর্থকদের ‘বাংলার মাটি, তারেক ভাইয়ের ঘাঁটি’, ‘মা, মাটি ডাকছে; তারেক রহমান আসছে’, ‘তারেক ভাই বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’- এমন নানা সেøাগানে চারপাশে তৈরি হয় উৎসবের আমেজ।
তীব্র শীত উপেক্ষা করেই মানুষ ছুটে এসেছেন ভোররাতে। তারা বলছেন, ঠাণ্ডা-শীত কোনো বিষয় না। প্রিয় নেতাকে একনজর দেখতে পারলে এই কষ্ট সার্থক হবে। সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর ইয়াসিন নোবেল বলেন, বুধবার দুপুরে এসেছি। সারা রাত রাস্তাতেই ছিলাম। বাইরে অনেক ঠাণ্ডা। তবু বসে আছি সবার সাথে। বরগুনা থেকে এসেছেন অধ্যাপক জাকির হোসেন। তিনি জানালেন, নেতাকে একনজর দেখতে এত দূর থেকে ছুটে এসেছি। দেখতে পেলে সব কষ্ট লাঘব হবে।
প্রায় দেড় যুগ পর গতকাল রাজসিক প্রত্যাবর্তন ঘটে তারেক রহমানের। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দিয়ে তার বিমান ফ্লাইটটি সিলেট হয়ে দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সাথে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তারেক রহমান।
এ দিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপি নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবের জোয়ার। ঐতিহাসিক সেই ক্ষণের সাক্ষী হতে বুধবার থেকেই পথে পথে ঢাকামুখী মানুষের ঢল নামে।