চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক দিনে কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অপারেশনাল ইতিহাসে এক অনন্য মাইলফলক অর্জিত হয়েছে। গত ৩০ এপ্রিল চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চসংখ্যক কনটেইনার হ্যান্ডলিংয়ের এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বন্দর কর্তৃপক্ষের সুদ ব্যবস্থাপনায় এবং টার্মিনাল অপারেটর চিটাগাং ড্রাই ডক লিমিটেডের দক্ষ ব্যবস্থাপনায় ওই দিনে মোট পাঁচ হাজার ৭০৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম বন্দরের ইতিহাসে নিউমুরিং কনটেইনার টার্মিনালে এক দিনে এটিই সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড।
বন্দর সূত্র জানিয়েছে, ইতঃপূর্বে গত ১১ এপ্রিল এক দিনে এনসিটিতে পাঁচ হাজার ৪৮৪ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ রেকর্ডটি ছিল। সূত্র বলছে, অল্প সময়ের ব্যবধানে নিজের রেকর্ড নিজেই ভেঙে চট্টগ্রাম বন্দর তার ক্রমবর্ধমান সক্ষমতা ও কর্মদক্ষতার প্রমাণ দিয়েছে।
বন্দরসংশ্লিষ্টরা বলছেন, এই অর্জন বাংলাদেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণ এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। নিউমুরিং কনটেইনার টার্মিনালের এই রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স দেশের অর্থনীতিতে গতির সঞ্চার করবে।
বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানিয়েছেন, একই সাথে ওই সময়ে চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল মিলিয়ে ২৪ ঘণ্টায় সর্বমোট ১০ হাজার ১৬২ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা বন্দরের সামগ্রিক সক্ষমতার এক বিশাল বহিঃপ্রকাশ।
তিনি বলেন, মহান মে দিবসের এই শুভক্ষণে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন টার্মিনাল এবং কর্মক্ষেত্রে কর্মরত অসংখ্য শ্রমিকের অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সাথে উদযাপন করছে। শ্রমিক ভাই-বোনদের অক্লান্ত পরিশ্রম, ঘাম এবং দেশপ্রেমের ফলেই আজকের এই বিশাল সাফল্য অর্জন সম্ভব হয়েছে। মে দিবসের ঐতিহাসিক দিনে বন্দরের এই নতুন রেকর্ড তাদেরই উৎসর্গ করা হলো।