লেবাননে ইসরাইলি যুদ্ধবিমান প্রতিহত করেছে হিজবুল্লাহ

Printed Edition

আলজাজিরা

দক্ষিণ লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ইসরাইলি যুদ্ধবিমানকে সফলভাবে প্রতিহত করেছে হিজবুল্লাহ। মঙ্গলবার রাতে দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় সম্ভাব্য হামলার উদ্দেশ্যে আসা বিমানটিকে লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য (সারফেস-টু-এয়ার) মিসাইল ছুড়লে সেটি পিছু হটতে বাধ্য হয়।

হিজবুল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরাইলি যুদ্ধবিমানটি লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দক্ষিণ অংশে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ইউনিটের তাৎক্ষণিক তৎপরতায় বিমানটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং দ্রুত ইসরাইলি সীমানার দিকে ফিরে যায়। এর মাধ্যমে হিজবুল্লাহ আবারো প্রমাণ করল যে, দক্ষিণ লেবাননের আকাশে ইসরাইলি আধিপত্য তারা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না।

হিজবুল্লাহর এই পদক্ষেপের বিষয়ে এখন পর্যন্ত ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাধারণত এ ধরনের ঘটনায় তাৎক্ষণিক মন্তব্য এড়িয়ে চলে তেলআবিব। তবে সাম্প্রতিক দিনগুলোতে লেবানন সীমান্তে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।

উল্লেখ্য, গত ২ মার্চ থেকে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সরাসরি সঙ্ঘাত শুরু হওয়ার পর এটিই প্রথম কোনো যুদ্ধবিমান প্রতিহতের খবর নয়। তবে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইলের ব্যবহার লেবানন যুদ্ধের কৌশলগত সমীকরণ বদলে দিচ্ছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বিশেষ করে ইসরাইলের পক্ষ থেকে যখন দক্ষিণ লেবাননের লিটানি নদী পর্যন্ত অঞ্চল দখলের হুঁশিয়ারি দেয়া হচ্ছে, তখন হিজবুল্লাহর এই পাল্টা প্রতিরোধ বড় ধরনের সঙ্কেত দিচ্ছে।