ইসরাইলের হামলায় লেবাননে ১২ চিকিৎসক নিহত
Printed Edition
আলজাজিরা
ইসরাইলের বিমান হামলায় দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ১২ জন চিকিৎসক, নার্স ও প্যারামেডিক নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাতে বুর্জ কালাউইয়া গ্রামে এ হামলা হয়।
গাজার মতোই লেবাননে চিকিৎসক ও হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল। আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে এসব হামলা স্বাস্থ্য খাতকে বিপর্যস্ত করছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যে স্বাস্থ্য খাতে এটি দ্বিতীয় হামলা। এর আগে সওয়ানে গ্রামে প্যারামেডিক কেন্দ্র লক্ষ্য করে হামলায় দুইজন নিহত ও পাঁচজন আহত হন।
এ পর্যন্ত ইসরাইলি হামলায় লেবাননে ৭৭৩ জন নিহত হয়েছেন, এর মধ্যে ১৮ জন প্যারামেডিক। সঙ্ঘাত শুরু হয় ২ মার্চ হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে, যা ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরান হামলার পর আরও তীব্র হয়। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত চিকিৎসকদের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ উদ্ধারকাজ চলমান। রাজধানী বৈরুতসহ দক্ষিণাঞ্চলে একাধিক স্থানে বিমান হামলা হয়েছে।
এ দিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। শুক্রবারই দলটি ২৪টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে। হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম বলেছেন, তাদের সংগঠন দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গতকাল শনিবার এক বিবৃতিতে যুদ্ধবিরতির মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। তিনি ইসরাইলকে আক্রমণ বন্ধ করতে এবং হিজবুল্লাহকে কার্যক্রম স্থগিত করতে আহ্বান জানান।