কড়াইসুদ্ধ গোশত নিয়ে থানায়

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

গোশত সেদ্ধ হচ্ছে না কেন? কড়াইভর্তি আধসেদ্ধ গোশতসহ থানায় হাজির হলেন প্রৌঢ়। ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন যে, ২০ বার চেষ্টা করার পরেও খাসির গোশত সেদ্ধ হয়নি। এ অস্বাভাবিক অভিযোগ পেয়ে হতবাক হয়ে যায় তাদিপাত্রী টাউন থানার পুলিশও। অদ্ভুত এ অভিযোগের কথা জানাজানি হতেই তা নিয়ে আলোচনা শুরু হয়েছে এলাকায়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, উগাদি উৎসবের সময় খাসির গোশত কিনেছিলেন তাদিপাত্রীর পুতলুরু রোডের বাসিন্দা সোদালা হাজি। উৎসাহভরে রান্না শুরু করার পর দেখেন কিছুতেই গোশত সেদ্ধ হচ্ছে না। প্রায় ২০ বার চেষ্টা করার পরেও তা শক্ত ও আধকাঁচা রয়ে গিয়েছে। হতাশ ও বিভ্রান্ত হয়ে হাজি রান্নার পুরো পাত্রসমেত সোজা থানায় গিয়ে পুলিশের দ্বারস্থ হন। গোশত বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

টাউন সার্কেল ইন্সপেক্টর আনন্দ রাও বাক্রুদ্ধ হয়ে যান যখন দেখেন এক বাসিন্দা কাঁচা গোশত ভরা একটি পাত্র নিয়ে থানায় চলে এসেছেন। পুলিশের কাছে হাজি দাবি করেন যে বার বার চেষ্টা করা সত্ত্বেও সেগুলো ঠিকমতো রান্না হচ্ছিল না। বিষয়টি অদ্ভুত হলেও হাজির অভিযোগে গুরুত্ব দেয়া হয়। অবশেষে পুলিশের হস্তক্ষেপে এর সমাধান করা হয়। গোশত বিক্রেতার সাথে কথা বলার পর পুলিশ ঘটনাস্থলেই সমস্যাটির সমাধান করে দেয়। বিক্রেতা ত্রুটিপূর্ণ গোশতের পরিবর্তে সমপরিমাণ তাজা গোশত দিতে রাজি হন।