ময়মনসিংহ ও নাটোরে দুই ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
গতকাল সোমবার ময়মনসিংহের ধোবাউড়া ও নাটোরের সিংড়ায় পৃথক ঘটনায় দুই ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধোবাউড়ায় এক ধান ব্যবসায়ীর লাশ পুকুরপাড়ে পাওয়া গেলেও সিংড়ায় এক মৎস্য ব্যবসায়ীকে নিজ বাড়িতে হত্যার অভিযোগে তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে।
ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ধান ব্যবসায়ী দুলাল খাঁর (৫৭) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে ইউনিয়নের দীঘিরপাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দুলাল একই এলাকার মৃত মোকাররম খাঁর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে দুলাল খাঁ বাড়িতে ফেরেননি।
স্বজনরা ভেবেছিলেন কাজের জন্য হয়তো বাইরে আছেন। তবে সকালে বাড়ি থেকে ৩০০ গজ দূরে একটি পুকুরপাড়ে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রুবেলকে (৪৫) নিজ শয়নকক্ষে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে। সকালে বিষ্ণুপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি বেগম ও ছেলে সাইফুদ্দিন রয়েলকে আটক করেছে পুলিশ। তাদের দেয়া তথ্যে পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা ও কাপড় উদ্ধার করা হয়েছে। সিংড়া থানার ওসি জানান, রফিকুল নিয়মিত মাদক সেবন ও পরিবারে অশান্তি করতেন। এর জেরে মা ও ছেলে এক সপ্তাহ আগে হত্যার পরিকল্পনা করেন। রাতে ঘুমন্ত বাবাকে মায়ের সামনেই জবাই করেন রয়েল। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন।