মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় ইরাককে জড়ানো উচিত নয় : ম্যাক্রোঁ
Printed Edition
এএফপি
মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা বৃদ্ধিতে ইরাক যাতে জড়িয়ে না পড়ে, তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। গতকাল ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রধানের সাথে কথা বলার পর একথা বলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
উত্তর ইরাকে সাবেক আধাসামরিক গোষ্ঠী পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) ওপর এক মারাত্মক হামলার পর ম্যাক্রোঁ তার এই বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন। তিনি বলেন, ‘বর্তমান উত্তেজনা বৃদ্ধিতে ইরাক যাতে জড়িয়ে না পড়ে সে জন্য সবকিছু করতে হবে।’
পিএমএফ এখন ইরাকের সেনাবাহিনীর অংশ। তবে এর মধ্যে কিছু ইরানপন্থী গোষ্ঠীও রয়েছে। তারা জানিয়েছে যে, তাদের তিনজন যোদ্ধা নিহত হয়েছেন, যেটিকে তারা একটি যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলা বলে বর্ণনা করেছে। ম্যাক্রোঁ বলেন, তিনি ইরাকি কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানিকে জানিয়েছেন যে, গতকাল শনিবার সকালে তার সরকারি বাসভবনে চালানো ড্রোন হামলাকে তিনি ‘অগ্রহণযোগ্য’ বলে মনে করেন। গত মঙ্গলবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুর্দিস্তানের সশস্ত্র বাহিনীর সদস্যদের কথা উল্লেখ করে ম্যাক্রোঁ বলেন, ‘এই অত্যন্ত উদ্বেগজনক ঘটনাটি ইরাকি প্রতিষ্ঠানগুলোর ওপর ক্রমবর্ধমান হামলার অংশ। তিনি বলেন, যেমনটি এই সপ্তাহে ছয়জন পেশমার্গা নিহত হওয়ার ঘটনায় দেখা গেছে। এই ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে, ইরাকেও হামলার মাত্রা বাড়ছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরো অস্থির করে তুলছে। ইরান সরকার আশঙ্কা করছে যে, উত্তর ইরাকের সশস্ত্র কুর্দি গোষ্ঠীগুলোকে পশ্চিমে ইরাক সীমান্তে অবস্থিত তাদের নিজস্ব কুর্দি অঞ্চলের মধ্য দিয়ে পাঠানো হতে পারে।