শিবচরে ঈদ উপলক্ষে ৬৫০ টাকা কেজি গরুর গোশত বিক্রি
Printed Edition
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের শিবচরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে স্বল্প আয়ের মানুষের জন্য ৬৫০ টাকা কেজি দরে গোশত বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা পরিষদের গেইটের সামনে অস্থায়ী এ গোশতের দোকানে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।
জানা গেছে, প্রতি কেজি গরুর গোশত ৬৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ঈদের আগ পর্যন্ত গোশত বিক্রি হবে। তবে প্রতি ক্রেতা ২ কেজির বেশি গোশত কিনতে পারবেন না। কম টাকায় গোশত কিনতে পেরে স্বল্প আয়ের মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। উদ্বোধনের পরই গোশত কিনতে ভিড় জমায় সাধারণ মানুষ।
একাধিক ক্রেতা বলেন, বর্তমানে গরুর গোশতের দাম নাগালের বাইরে। চাইলেই কেনা যায় না। ৬৫০ টাকায় গোশত কিনতে পেরে খুশি ক্রেতারা। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাই। এতে করে স্বল্প আয়ের মানুষের জন্য কিছুটা স্বস্তি এসেছে। ঈদে এখন দিনমজুর, নি¤œমধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের গরুর গোশত কিনতে বিড়ম্বনায় পড়তে হবে না।
শিবচর ইউএনও এইচ এম ইবনে মিজান জানান, প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ৫ দিনব্যাপী স্বল্পমূল্যে গোশত বিক্রি চলবে। প্রতিদিন ২০০ কেজি করে গোশত বিক্রি করা হবে এবং ভর্তুকির টাকা সরকার প্রদান করবে।