সিংগাইরে বদলির পরও দায়িত্ব ছাড়ছেন না প্রকৌশলী

Printed Edition

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা এলজিইডি কার্যালয়ে বদলির আদেশ জারির পরও দায়িত্ব ছাড়ছেন না উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূঁইয়া। ফলে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী গোলাম সামদানী ১৭ দিনেও চার্জ বুঝে নিতে না পারায় উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

গতকাল বুধবার দুপুরে বিষয়টি জানাজানি হলে গণমাধ্যমকর্মীরা প্রকৌশল অফিসে গিয়ে এর সত্যতা পান। এ সময় উপজেলা প্রকৌশলীর চেয়ার ফাঁকা থাকলেও পাশে বসে দায়িত্ব পাওয়ার অপেক্ষায় সময় পার করতে দেখা যায় সদ্য যোগদানকারী প্রকৌশলী গোলাম সামদানীকে।

তিনি জানান, গত ২৯ মার্চ বদলির আদেশের পর প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিদিন অফিসে আসছেন, কিন্তু বিভিন্ন অজুহাতে তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে না। এতে জুন ক্লোজিংসহ নির্ধারিত সময়ের উন্নয়ন কাজ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার জানান, বদলির আদেশের পরও দায়িত্ব হস্তান্তর না করার বিষয়টি তিনি অবগত, তবে আনুষ্ঠানিক কপি না পাওয়ায় ব্যবস্থা নেয়া যাচ্ছে না।