হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বিএসসির জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

Printed Edition

বিশেষ সংবাদদাতা চট্টগ্রাম

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা আবার পারস্য উপসাগরে আটকা পড়েছে। হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশের পতাকাবাহী এই জাহাজ। ইরানি কর্তৃপক্ষের কাছে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি চাইলে তারা নট অ্যাপ্রুভড বলেছে। ফলে ৩১ নাবিক ক্রুসহ জাহাজটি এখন হরমুজের ৩৫ নটিক্যাল মাইল দূরে নোঙর ফেলে প্রণালী পার হওয়ার প্রতীক্ষায় রয়েছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক নয়া দিগন্তকে বলেন, গত বুধবার ভোরে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর জাহাজটি সম্ভাব্য তিনটি গন্তব্য সামনে রেখে হরমুজ প্রণালী পার হওয়ার জন্য অগ্রসর হচ্ছিল। বৃহস্পতিবার রাতে হরমুজ থেকে ৬০ নটিক্যাল মাইল দূরত্বে থাকা অবস্থায় বেতার বার্তায় ইরানের বাহিনীর কাছে অনুমতি চাওয়া হয়। তারা নট অ্যাপ্রুভড বলেছে। অনুমতি না পাওয়ায় হরমুজ থেকে ৩৫ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক পানি সীমায় নোঙর ফেলা হয়েছে। কাউকেই অনুমতি দিচ্ছে না জানিয়ে তিনি বলেন, অনুমতি পেলেই আমাদের জাহাজ দ্রুত হরমুজ প্রণালী অতিক্রম করবে।

বিএসসি সূত্র জানিয়েছে, সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে সার বোঝাই করার পর জাহাজটি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে অপেক্ষমাণ ছিল দাম্মাম বন্দরে। গত বুধবার ভোরে যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই জাহাজটি নোঙর তোলে হরমুজ প্রণালী পার হওয়ার উদ্দেশ্যে। সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন এমওপি সার বোঝাই করা হয়েছে। হরমুজ অতিক্রম করে জাহাজটির পরবর্তী গন্তব্য সাউথ আফ্রিকা।

প্রসঙ্গত, কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে গত ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় বাংলার জয়যাত্রা। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালালে সঙ্ঘাত দ্রুত ছড়িয়ে পড়ে। একই সাথে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে আটকা পড়া দুই সহস্রাধিক জাহাজের মধ্যে বাংলার জয়যাত্রাও আটকা পড়ে। গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজটি থেকে পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। সে অনুযায়ী জাহাজটি হরমুজ প্রণালীর দিকে যাত্রা শুরু করলেও নিরাপত্তার কারণে আগের অবস্থানে ফিরে যেতে হয় জাহাজটিকে। যুদ্ধবিরতির পর আবার যাত্রা শুরু করে আবার আটকা পড়ল জাহাজটি।