রিকশাচালককে চোর সাজিয়ে টেঁটা দিয়ে খুঁচিয়ে হত্যা

Printed Edition

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদীতে চোর অপবাদ দিয়ে সাইফুল ইসলাম (৪২) নামে এক রিকশাচালককে নাটকীয় কায়দায় টেঁটা দিয়ে খুঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত ২৮ মার্চ ভোরে করগাঁও মামুদপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ এপ্রিল রাতে তার মৃত্যু হয়।

নিহত সাইফুল করগাঁও লাহুন্দ এলাকার আব্দুল আলীর ছেলে। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে ভাড়াটে খুনি দিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। স্থানীয়রা জানান, ঘটনার রাতে রিকশা নিয়ে ফেরার পথে জাকির ও তার সহযোগীরা সাইফুলকে গতিরোধ করে টেঁটা দিয়ে শরীরের ২০টিরও বেশি স্থানে আঘাত করে। রক্তক্ষরণ হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় তাকে আটকে রাখা হয়। জাকির ঘটনাটি হাঁস চুরি বলে প্রচার করে। নিহতের ভাই জহির জানান, প্রতিবেশী মানিকের সাথে পূর্ববিরোধের জেরে এই হামলা হয়েছে। মামলায় জাকির ও গ্রেফতারকৃত বদরুসহ আটজনকে আসামি করা হয়েছে। সাইফুলের মৃত্যুতে তার চার সন্তান ও পঙ্গু মা দিশেহারা।

স্ত্রী হোসনা বলেন, প্রতিবন্ধী সন্তানসহ ছয় সদস্যের সংসার এখন কে চালাবে? রিকশার কিস্তিও এখনো বাকি। কটিয়াদী থানার ওসি শফিকুল ইসলাম জানান, মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।