হরমুজে ২০ তেলবাহী জাহাজ নিয়ে ট্রাম্পের দাবি নাকচ পাকিস্তানের
Printed Edition
আনাদোলু এজেন্সি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্রগামী ২০টি তেলবাহী জাহাজ পারাপারের অনুমতি দিয়েছে ইরান। গতকাল সোমবার সকাল থেকে এই জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে যায়। ইরানের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের জন্য ‘উপহার’ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য মতে, ট্রাম্পের এমন বক্তব্যের পর এই জাহাজগুলো নিজেদের বলে জানিয়েছে পাকিস্তান। পাশাপাশি ট্রাম্পের উপহারসংক্রান্ত দাবিকে নাকচ করা হয়েছে। মূলত পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার কারণেই ইরান এই অনুমতি দিয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বক্তব্য অনুযায়ী, এই ২০টি জাহাজ পাকিস্তানের। তিনি জানান যে, ইরান এবং পাকিস্তানের মধ্যে আলোচনার পরিপ্রেক্ষিতে এই জাহাজগুলোকে যাতায়াতের অনুমতি দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আজ তারা আমাদের একটি ‘উপহার’ দিয়েছে- আমি ঠিক কী বলব জানি না- সম্ভবত সম্মানের নিদর্শন হিসেবে ২০টি বড় তেলবাহী জাহাজ পাঠাচ্ছে, যা হরমুজ প্রণালী দিয়ে যাবে এবং এটি আগামীকাল সকাল থেকে শুরু হবে।”
তিনি আরো বলেন, আমরা সময়ের আগেই এগিয়ে আছি- ইরানের সাথে আমরা কয়েক সপ্তাহ এগিয়ে।
সেখানে একটি নতুন ধরনের নেতৃত্ব এসেছে- যাদের সঙ্গে আমরা আগে কাজ করিনি; কিন্তু তারা যথেষ্ট যুক্তিসঙ্গত আচরণ করছে। ট্রাম্প বলেন, তিনি ‘প্রায় নিশ্চিত’ যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি হবে। তবে এর পরেই আবার সন্দেহ প্রকাশ করে বলেন, চুক্তি না-ও হতে পারে। যুক্তরাষ্ট্র ইরানের সাথে সরাসরি এবং পরোক্ষ দুইভাবেই আলোচনা করছে।
অন্য দিকে ইরান গত বুধবার যুক্তরাষ্ট্রের দেয়া ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। যেকোনো যুদ্ধবিরতি তাদের শর্ত ও সময় অনুযায়ী হবে বলে জানিয়েছে ইরান। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরান তার প্রস্তাবিত অনেক বিষয় মেনে নিয়েছে এবং আলোচনায় অগ্রগতির গুরুত্ব দেখাতেই তারা এই তেলবাহী জাহাজগুলো পাঠিয়েছে।