মাদরাসাশিক্ষাকে আধুনিকায়ন করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

Printed Edition
3rd 1
নোবিপ্রবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন : নয়া দিগন্ত

নোয়াখালী অফিস

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মাদরাসাশিক্ষাকে আধুনিকায়ন করা হচ্ছে। শিক্ষাই হচ্ছে সবার সম্বল। প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেটে সব চেয়ে বেশি শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা। আপনারা তাকে জিজ্ঞেস করুন আপনার সব চেয়ে ফেভারিট ডিপার্টমেন্ট কোনটি তিনি বলেবেন শিক্ষা, দ্বিতীয়বার যদি জিজ্ঞেস করুন বলবেন শিক্ষা। তৃতীয়বার জিজ্ঞেস করুন আপনি কোন ডিপার্টমেন্টকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চান তিনি বলবেন শিক্ষা।

তিনি গতকাল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ডিনস ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ আসনের এমপি মো: শাহজাহান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, নোবিপ্রবির প্রোভিসি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

মন্ত্রী বলেন, বিগত দুই সরকারের আমলে আমাদের মাদরাসা শিক্ষকরা মে-জুন মাসের বেতন পাচ্ছেন না। ২০১৭ সালে একটি ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার প্রজেক্ট (ইটিএফ) হাতে নেয়া হয়েছিল। ১০ কোটি টাকার প্রজেক্ট এসে দাঁড়িয়েছে ৮০ কোটি টাকায়; কিন্তু প্রজেক্ট শেষ হয় না। বিগত অন্তর্বর্তী সরকার ১৭ হাজার মাদরাসা শিক্ষক নিয়োগ দিয়েছে; কিন্তু অটোমেটিক ফান্ড ট্রান্সফারে প্রোগ্রাম না থাকায় কী পরিমাণ টাকা মাদরাসার শিক্ষকদের বেতনের জন্য বরাদ্দ করতে হবে তারা বোঝেননি। প্রতি মাসে ৫০০ কোটি টাকার ওপরে মাদরাসা শিক্ষকদের প্রয়োজন হয়। তারা শিক্ষক নিয়োগ দিলেও তাদের বেতনের ব্যবস্থা করেনি। আমাদের কাছে এক শত কোটি টাকা ছিল সেই টাকা বরাদ্দ দিয়েও দিয়েছি।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ৪৯ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং তিনজনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেয়া হয়। এর আগে, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কেক কেটে, পায়রা উড়িয়ে ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।