প্রভাবশালীর তালিকায় শীর্ষে সুন্দর পিচাই

Printed Edition
pro-2
প্রভাবশালীর তালিকায় শীর্ষে সুন্দর পিচাই

প্রযুক্তি ডেস্ক

যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রযুক্তি ও উদ্ভাবন খাতে একঝাঁক প্রতিভাবান ব্যক্তি স্থান পেয়েছেন। তালিকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিপ্লবের অন্যতম কারিগর হিসেবে পরিচিত অ্যানথ্রোপিকের দারিও আমোদেই, ড্যানিয়েলা আমোদেই এবং গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইসহ অনেকেই রয়েছেন।

টাইম ২০২৬ তালিকায় রয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই। তিনি গত এক দশকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে এসেছেন। ২০২৬ সালে তার প্রভাব আরো সুদূরপ্রসারী। চ্যাটজিপিটির উত্থানের পর পিচাই দ্রুত গুগল ব্রেইন ও ডিপমাইন্ডকে একীভূত করে জেমিনি তৈরি করেন। তার নেতৃত্বে গুগল সার্চ ইঞ্জিনের পাশাপাশি ন্যানো বানানা ও অ্যান্টিগ্র্যাভিটির মতো বৈপ্লবিক এআই পণ্য দিয়ে প্রযুক্তিবিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। একইভাবে ইউটিউবের সিইও নীল মোহান প্ল্যাটফর্মটিকে কেবল ভিডিও শেয়ারিং সাইট থেকে টেলিভিশনের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৫ সালে ইউটিউব আমেরিকার টেলিভিশন সেটে সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্রোভাইডার হিসেবে স্বীকৃতি পায়। মোহনের বিশেষত্ব হলো, তিনি একদিকে যেমন জটিল সফটওয়্যার প্রকৌশল বোঝেন, তেমনি বিজ্ঞাপনদাতা ও আধেয় (কনটেন্ট) নির্মাতাদের সঙ্গেও চমৎকার সম্পর্ক বজায় রাখেন। তার হাত ধরেই ইউটিউব আজ গ্লোবাল মিডিয়া জায়ান্টে পরিণত হয়েছে।

প্রযুক্তি ও দানশীলতার সমন্বয়ে এক অনন্য উদাহরণ সুসান ও মাইকেল ডেল। তাদের সাম্প্রতিক উদ্যোগটি অত্যন্ত প্রশংসিত হয়েছে। তারা আমেরিকার নিম্ন আয়ের পরিবারের ১০ বছরের কম বয়সী শিশুদের ২৫০ ডলার করে দিচ্ছেন, যা একটি ইনডেক্স ফান্ডে বিনিয়োগ করা থাকবে। করোনাকালে ল্যাপটপ বিতরণের মাধ্যমে শিশুদের শিক্ষা নিশ্চিত করার পর এখন তারা ভবিষ্যৎ প্রজন্মের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার পথে কাজ করছেন।

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোম্পানিগুলোর একটি হলো টিএসএমসি। আর এই বিশাল প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছেন এক বিনয়ী ও অত্যন্ত সুশৃঙ্খল মানুষ সি সি ওয়ে। গত দুই দশকে তিনি চিপ উৎপাদন শিল্পকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

বর্তমান সময়ে আমাদের হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে সুপার কম্পিউটার সবকিছুর পেছনেই রয়েছে তার দূরদর্শী সিদ্ধান্ত। সি সি ওয়ের নেতৃত্বে টিএসএমসি সাধারণ চিপ নির্মাতা থেকে একটি বৈশ্বিক প্রযুক্তি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।