এশিয়ান গেমস বাছাই হকি
চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশ পঞ্চম
Printed Edition
ক্রীড়া ডেস্ক
চাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান বাছাই হকিতে পঞ্চম স্থান অধিকার করেছে বাংলাদেশ হকি দল। থাইল্যান্ডে অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াইয়ে গতকাল তাইপেকে ৩-২ গোলে পরাজিত করে টাইগাররা। অন্যান্য বারের তুলনায় বাংলাদেশ এবার নিজের নামের প্রতি তেমন সুবিধা করতে পারেনি।
এবারের আসরে ফাইনাল লক্ষ্য থাকলেও তা অর্জন করতে ব্যর্থ হয়েছেন মেহবার-আশরাফুলরা। এক পর্যায়ে বাংলাদেশ কোয়ালিফাই করবে কি না, তা নিয়েই চিন্তা ছিল। তবে শেষ পর্যন্ত সেই চিন্তা দূর হয়েছে। এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। তাইপেকে হারিয়ে পঞ্চম স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। বাছাইপর্বে খেলা শীর্ষ ছয়টি দল খেলবে এশিয়ান গেমসে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আশরাফুলের গোলে শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল। তবে চার মিনিটের বেশি লিড ধরে রাখতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। ১১ মিনিটে সমতায় ফেরে তাইপে। ১৭ মিনিটে আবোর পেনাল্টি কর্নার থেকে আশরাফুলের গোলে লিড পায় বাংলাদেশ। ৩৪ মিনিটে আবার সমতায় আনে তাইপে। ম্যাচের ৩৮ মিনিটে মেহরাব হোসেন শামীম ফিল্ড গোলে ৩-২-এ এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের বাকি সময় দুই দলই গোলের প্রচেষ্টা চালালেও স্কোর করতে সক্ষম না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। অসাধারণ পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের মেহরাব হোসেন শামীম।