বিশ্বকাপের দ্বারপ্রান্তে কসোভো

Printed Edition
khela-3
জয়ের পর কসোভোর পতাকা হাতে গোলদাতা ফিসলিক আসলানি : ফিফা

ক্রীড়া ডেস্ক

উত্তর ও পূর্বে সার্বিয়া। দক্ষিণ-পশ্চিমে আলবেনিয়া। পশ্চিমে মন্টেনেগ্রো। আর দক্ষিণে নর্থ মেসিডোনিয়া। এভাবেই অন্য দেশগুলো বেষ্টিত বলকান অঞ্চলের ইউরোপিয়ান মুসলিম দেশ কসোভো। ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীনতা পাওয়া এই দেশটির আয়তন মাত্র চার হাজার ২০৩ বর্গমাইল। কিলোমিটারের হিসাবে ১০ হাজার ৮৮৭। এই ক্ষুদ্র দেশটিই এখন কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবলের দরজায়। ২০১৬ সালে ফিফার সদস্য হওয়া এই দেশটির ফিফা র‌্যাংকিং ৭৯। এটিই বলে দিচ্ছে ফুটবলে তারা কত উন্নত। এখন তারা ৩১ মার্চ প্রিস্টিনায় নিজ মাঠে তুরস্ককে হারাতে পারলেই গড়ে ফেলবে ইতিহাস। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা হবে আলবেনিয়ান বংশোদ্ভূত জনগণের এই দেশটি। তাদের এই আশা জেগেছে পরশু স্লোভাকিয়ার মাঠে তাদেরকে ৪-৩ গোলে হারানোর পর। ব্রাতিস্লাভায় অনুষ্ঠিত প্লে-অফ সেমিফাইনালের এই ম্যাচে নাটকীয় ও আকর্ষণীয় ম্যাচ শেষেই জয় তাদের।

২০১৪ সাল থেকে নিজ নামে আন্তর্জাতিক ম্যাচ খেলে আসছে কসোভো। এখনো তাদের বড় কোনো টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে খেলা হয়নি। এবার কি তাদের সেই স্বপ্ন পূরণ হবে বিশ্বকাপে খেলার মাধ্যমে। নাকি ২০০২ সালের পর ফের বিশ্বকাপে খেলবে তুরস্ক।

পরশু ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ সেমিফাইনালে ৬ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক স্লোভাকিয়া। তবে কিছুক্ষণ পরই ভালদিক হোজ্জা ম্যাচে ফেরান কসোভোকে। এরপর ফের লিড নেয় স্লোভাকিয়া। তবে এবারো স্বস্তিতে ছিল না স্বাগতিকরা। ফিসলিক আসলানি স্কোর ২-২ করেন কসোভোর পক্ষে। ম্যাচের আয়োজকদের হতাশা বাড়িয়ে বাকি সময়ে আরো দুই গোল আদায় সাবেক যুগোশ্লাভিয়ার এই দেশটির। গোলদাতা ফ্লোরেন্ত মুসলিজা ও ক্রাসনিক হাজরিজি। এতে ৪-২-এ এগিয়ে যায় সফরকারীরা। যদিও ইনজুরি টাইমে স্লোভাকিয়া একটি গোল দিয়ে ম্যাচটি জমিয়ে তুললেও রক্ষা হয়নি। হারে ছিটকে গেছে বিশ্বকাপে খেলার আশা থেকে। আর কসোভোর আশা জিইয়ে আছে।

কসোভো এই বছরের বাছাই পর্বটা সুইজারল্যান্ডের কাছে ০-৪ গোলে হারে শুরু করলেও পরে তারা ঘুরে দাঁড়ায়। সুইডেনকে ২-০ ও ১-০তে হারায়। প্রথম ম্যাচে স্লোভেনিয়ার সাথে গোলশূন্য ড্র করলেও পরের ম্যাচে ২-০তে জিতে নেয়। নিজ মাঠে ফিরতি ম্যাচে সুইজারল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র এরপর পরশু স্লোভাকদের বিপক্ষে দুর্দান্ত জয়।

পরশু ইউরোপিয়ান তিনটি মুসলিম দেশ জিতেছে বিশ্বকাপ বাছাই প্লে-অফে। মানে প্লে-অফ সেমিফাইনালে। ওয়েলসকে টাইব্রেকারে হারিয়েছে বলকান অঞ্চলের অপর দেশ বসনিয়া-হার্জেগোভিনিয়া। অতিথিদের মাঠে খেলা ১-১-এ শেষ হওয়ার পর বসনিয়া টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছে। রোমানিয়াকে ১-০তে হারিয়েছে তুরস্ক। ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই ম্যাচে গোলদাতা ফেরকি কদিওগ্লু।

ভ্যালেন্সিয়ায় অন্য ম্যাচে ইউক্রেনকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সুইডেন। গ্রুপের অন্য ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে সুইডিশদের প্রতিপক্ষে হয়েছে পোল্যান্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় ২-২ গোলে ড্র করে চেকরা। ফলে ম্যাচে গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে আইরিশদের হারিয়ে ফাইনালে উঠে চেজিয়ারা। গ্রুপের অপর ম্যাচে উত্তর মেসিডোনিয়াকে সহজেই ৪-০ ব্যবধানে হারিয়ে চেক প্রজাতন্ত্রকে পেল ডেনমার্ক। প্লে অফ ফাইনাল ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে বিশ্বকাপের মূল পর্বে।