দক্ষিণ কোরিয়া- যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা ব্যর্থ
Printed Edition
আনাদোলু
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। গতকাল শনিবার দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো দক্ষিণ কোরিয়ার শিল্পমন্ত্রী কিম জুং-কোয়ান ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বৈঠক করেন। বৈঠক শেষে কিম সাংবাদিকদের বলেন, আমরা একে অপরের অবস্থান আরো ভালোভাবে বুঝতে পেরেছি। সমঝোতার পথ খুঁজে বের করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে আরো আলোচনার প্রয়োজন আছে, এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর হওয়ার সময়সীমা নিয়ে কোনো বিস্তারিত তথ্য নেই। আলোচনাই চলছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, সিউলের আইনসভা পূর্বে সম্মত বাণিজ্য চুক্তি অনুমোদন করতে ব্যর্থ হয়েছে। ট্রাম্প বলেন, গাড়ি, কাঠ ও ওষুধে শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। ট্রাম্প সম্ভবত সেই বিনিয়োগ বিলের কথা বলেছেন, যা আগামী মাসে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি পর্যালোচনা ও ভোটে তোলার পরিকল্পনা করছে।