ব্যর্থতা ঢাকতে সরকার ছাত্রদলকে সন্ত্রাসের পথে উসকে দিচ্ছে : অ্যাড. জুবায়ের

Printed Edition

সিলেট ব্যুরো

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি। তাই তারা জুলাই সনদকে উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে ছাত্র-জনতার রক্তের সাথে প্রতারণা করেছে। দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা ঢাকতে তারা দেশব্যাপী ছাত্রদলকে সন্ত্রাসের পথে উসকে দিচ্ছে। জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে ছাত্রদলকে দিয়ে চট্টগ্রাম, ঈশ^রদীর পর রাজধানীর শাহবাগ থানায় ঢুকে ডাকসু নেতাদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। এভাবে সরকার পরিকল্পিতভাবে দেশকে সঙ্ঘাতের দিকে ঠেলে দিচ্ছে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াত সব পরিস্থিতি ধৈর্য্যরে সাথে মোকাবেলা করছে। জামায়াতের সব স্তরের দায়িত্বশীল ও নেতাকর্মীদের সতর্কতার সাথে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।

তিনি বলেন, জামায়াত মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে আমাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। জাতীয় নেতারা বিচারের নামে প্রহসন চালিয়ে ফাঁসিতে ও কারাগারে নির্যাতন চালিয়ে শহীদ করেছে। শত শত ভাইকে খুন ও গুম করেছে। লাখ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। কিন্তু আমাদের অগ্রযাত্রা দমিয়ে রাখতে পারেনি। উল্টো আমাদেরকে নিশ্চিহ্ন করতে গিয়ে তারা নিজেরাই দেশ ছেড়ে পালিয়েছে। কারণ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী আন্দোলনে শামিল হয়েছি। নিজেকে দ্বীনের দ্বায়ী হিসেবে গড়ে তুলতে চূড়ান্ত শপথ নিতে হবে। ইসলামী আন্দোলনের জন্য সর্বোচ্চ ত্যাগের প্রস্তুতি নিতে হবে। বিজয়ের মালিক একমাত্র আল্লাহ।