চট্টগ্রামে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও ভিডিও ধারণ, দু’জন গ্রেফতার
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে এক তরুণীকে ধর্ষণ এবং তার আপত্তিকর ছবি-ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে র্য্যাব-৭। গ্রেফতারকৃতরা হলেন- তোফাজ্জল হোসেন (৩৬) ও তার সহযোগী মো: মানিক (২৭)।
র্যাব-৭ জানায়, ভুক্তভোগী তরুণী (২২) নগরের পতেঙ্গা এলাকার বাসিন্দা। ২০২৩ সালে বিবাহবিচ্ছেদের পর তার সাথে তোফাজ্জল হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরারগঞ্জ থানা এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে তোফাজ্জল। এ সময় গোপনে তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে ভুক্তভোগী বিয়ের কথা বললে তোফাজ্জল তাকে মারধর শুরু করে। একপর্যায়ে বিয়ে না করে সরে গেলে ভুক্তভোগী অন্যত্র বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
এরপর আসামি তার নতুন ঠিকানা সংগ্রহ করে সেখানে গিয়ে আবারো সম্পর্ক করতে চাপ দেয় এবং অস্বীকৃতি জানালে ধারণকৃত ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে তোফাজ্জল তার সহযোগী মানিককে এসব ছবি-ভিডিও সরবরাহ করে। গত ৮ এপ্রিল ভুক্তভোগীর মোবাইলে আপত্তিকর ছবি-ভিডিও পাঠিয়ে দু’জন মিলে তাকে হোটেলে যেতে বাধ্য করার চেষ্টা করে এবং অস্বীকৃতি জানালে গণধর্ষণের হুমকি দেয়।