রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪

Printed Edition

বাসস

ইউক্রেনজুড়ে রাশিয়ার বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। হামলায় একটি বন্দর ও একটি মাতৃসদনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শনিবার ভোরে রাশিয়া ইউক্রেনজুড়ে এ হামলা চালায়। দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় দু’জন নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান সের্গেই লাইসাক। হামলায় একটি মাতৃসদনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগের প্রকাশিত ছবিতে ভবনের ভাঙা জানালা, ভেতরে ধ্বংসস্তূপ এবং অগ্নিনির্বাপণ কর্মীদের কাজ করতে দেখা গেছে।

ওডেসায় হামলা প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘সাধারণ বেসামরিক জীবনের ওপর এটি নিখাদ সন্ত্রাস।’ ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর ২৭৩টি ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে ২৫২টি ভূপাতিত করা হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া আগ্রাসনের পর থেকে প্রায় প্রতিদিনই রাশিয়া ড্রোন হামলা চালাচ্ছে। কিয়েভের অভিযোগ, রাশিয়া বেসামরিক লোকজনকে লক্ষ্য করে আবাসিক এলাকায় হামলা করছে।